HomeScrollঅবসরের পর এককালীন নয়, কিস্তিতে মিলবে পিএফের টাকা! নতুন সুবিধা আনছে ইপিএফও
EPFO

অবসরের পর এককালীন নয়, কিস্তিতে মিলবে পিএফের টাকা! নতুন সুবিধা আনছে ইপিএফও

পিএফের পুরো টাকা একবারে তুলে নেওয়ার বদলে নিয়মিত কিস্তিতে পাওয়ার সুযোগ। অবশিষ্ট টাকার উপর মিলবে সুদ। নতুন ব্যবস্থায় উপকৃত হতে পারেন ৬.৩২ লক্ষ গ্রাহক।

ওয়েব ডেস্ক : অবসরের পর একবারে পুরো প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা তুলে নেওয়ার বাধ্যবাধকতা আর থাকছে না। এবার থেকে কিস্তিতে পিএফের টাকা পাওয়ার সুযোগ তৈরি করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। অবসরপ্রাপ্ত গ্রাহকদের জন্য সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান বা এসডব্লিউপি অনুমোদন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের ২৪০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত গ্রাহকরা নির্দিষ্ট সময় অন্তর নিজেদের পিএফের টাকা তুলতে পারবেন। যে অর্থ অ্যাকাউন্টে অবশিষ্ট থাকবে, তা ইপিএফ ব্যবস্থায় বিনিয়োগ করা থাকবে। সেই টাকার উপর প্রযোজ্য হারে সুদও মিলবে। ৫৫ বছরের বেশি বয়সি এবং পিএফ অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ গ্রাহক এই সুবিধার আওতায় আসতে পারেন বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত ব্যবস্থায় টাকা তোলার তিনটি বিকল্প থাকতে পারে। প্রথমত, নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে পিএফের টাকা তোলা যাবে। দ্বিতীয়ত, একাংশ টাকা এককালীন তুলে বাকি অর্থ কিস্তিতে নেওয়া যাবে। তৃতীয়ত, মূল টাকা বিনিয়োগে রেখে শুধু অর্জিত সুদ তোলার সুযোগ থাকতে পারে। চাইলে গ্রাহক মাঝপথে এই ব্যবস্থা বন্ধ করে অবশিষ্ট টাকা তুলে নিতে পারবেন। তবে সবকিছুই নির্ভর করবে চূড়ান্ত নির্দেশিকার উপর।

আরও খবর :  ‘আমার সঙ্গে পাল্লা দিতে ৪০০০ কিলোমিটার হাঁটুন’, আমেরিকা থেকে মোদিকে চ্যালেঞ্জ রাহুলের! পাল্টা কী বলল বিজেপি?

গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রেও বিকল্প রাখার কথা ভাবা হয়েছে। কিস্তিতে টাকা পাওয়ার সময় কোনও গ্রাহকের মৃত্যু হলে তাঁর নমিনি বা নির্ভরশীল ব্যক্তি অবশিষ্ট টাকা একবারে তুলে নিতে পারবেন। অথবা নির্ধারিত কিস্তিতে টাকা পাওয়ার ব্যবস্থা চালু রাখতে পারবেন।

ধরা যাক, অবসরের সময় কোনও কর্মীর পিএফ অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা জমা রয়েছে। এতদিন তিনি চাইলে পুরো টাকাই একসঙ্গে তুলে নিতে পারতেন। নতুন ব্যবস্থায় সেই অর্থ কিস্তিতে নেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে অবসরের পর মাসিক খরচ চালাতে এককালীন বড় অঙ্কের টাকা অন্যত্র বিনিয়োগ করার প্রয়োজন কমতে পারে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পিএফে ৮.২৫ শতাংশ সুদের হার সুপারিশ করেছে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড। তবে অবশিষ্ট টাকার উপর প্রকৃত সুদ নির্ভর করবে প্রযোজ্য সুদের হার এবং সময়ের সঙ্গে কত টাকা তোলা হচ্ছে তার উপর।

পিএফের আংশিক টাকা তোলার নিয়মেও বদল এনেছে ইপিএফও। সংশোধিত নিয়মে ৫৫ বছরের কম বয়সি সদস্যরা যোগ্য পিএফের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। বেকারত্বের ক্ষেত্রে টাকা তোলার অপেক্ষার সময়ও ১২ মাস থেকে কমিয়ে দু’মাস করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা, বিয়ে এবং বাড়ি কেনা, নির্মাণ, ঋণ পরিশোধ ও সংস্কারের মতো প্রয়োজনে নির্দিষ্ট শর্ত মেনে টাকা তোলা যাবে।

তবে এখনই নতুন এসডব্লিউপি সুবিধা চালু হচ্ছে না। কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড অনুমোদন দিলেও ইপিএফওর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এবং বিস্তারিত নির্দেশিকা প্রকাশের পরই তা কার্যকর হবে। কতদিন অন্তর কিস্তি মিলবে, ন্যূনতম কত টাকা অ্যাকাউন্টে রাখতে হবে এবং কীভাবে এই সুবিধার জন্য আবেদন করতে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত এই ব্যবস্থা মূলত নিয়মিত ইপিএফ কাঠামোর আওতাধীন সদস্যদের জন্য প্রস্তাবিত। ছাড়প্রাপ্ত ট্রাস্টের অধীনে থাকা কর্মীরা প্রাথমিক পর্যায়ে এর আওতায় নাও আসতে পারেন। পাশাপাশি, ইপিএফের টাকা তোলার এই সুবিধার সঙ্গে এমপ্লয়িজ পেনশন স্কিমের (ইপিএস) মাসিক পেনশনের কোনও সম্পর্ক নেই। সেটি সম্পূর্ণ আলাদা সুবিধা।

[youtube-feed feed=1]
Read More

Latest News