ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুলল ভারতীয় দল (Team India)। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তাঁর স্পষ্ট বক্তব্য, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল নেই। শুধু ম্যাচের প্রথম দিনের কথা ভেবে নয়, পাঁচ দিনের পরিস্থিতি মাথায় রেখেই দল নির্বাচন করা হয়েছে।
কোটাকের ব্যাখ্যা, নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটিংয়ে চারজন বাঁহাতি থাকায় ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর মতে, এই ম্যাচের জন্য এটাই সেরা বোলিং আক্রমণ। ভারতের প্রথম একাদশে জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে। কোটাক বলেন, সিরাজের বাদ পড়া নিয়ে ভুল সিদ্ধান্তের প্রশ্নই ওঠে না। ম্যাচের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের পরিস্থিতিও বিবেচনায় রাখতে হয়েছে।
আরও খবর : সিরাজ-জাদেজাকে বাইরে রাখার সিদ্ধান্ত কি বুমেরাং? বুমরাহর লড়াই সত্ত্বেও চাপে ভারত
ম্যাচের শুরুতে বোলিংয়ে ভালোই ছাপ ফেলেছিল ভারত। বুমরাহর নেতৃত্বে নিউজিল্যান্ডের স্কোর একসময় দাঁড়ায় ৬০ রানে ৪ উইকেট। এক সময় ৭০ রানে ৫ উইকেটও পড়ে গিয়েছিল। কিন্তু ৩০ ওভারের পর কুকাবুরা বলের ঔজ্জ্বল্য কমতেই উইকেট পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে ভারতীয় বোলাররা। এরপর হেনরি নিকোলসের অপরাজিত ১১৩ এবং গ্লেন ফিলিপসের অপরাজিত ৯৪ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড (Newzeland)। দিনের শেষে তাদের স্কোর ৫ উইকেটে ২৪৩।
অংশুল কম্বোজের ঘণ্টায় ১২৬ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বল করা নিয়েও প্রশ্নের জবাব দিয়েছেন কোটাক। তাঁর মতে, ম্যাচের সব পর্যায়ে শুধু গতি গুরুত্বপূর্ণ নয়। প্রসিদ্ধ কৃষ্ণের বোলিং নিয়েও সমালোচনার বিরোধিতা করেছেন তিনি। কোটাকের বক্তব্য, প্রসিদ্ধ আক্রমণাত্মক বোলার। উইকেট পেলে প্রশংসা করা হবে, আবার রান দিলে সমালোচনা—এভাবে তাঁর পারফরম্যান্স বিচার করা ঠিক নয়। পাশাপাশি নিউজিল্যান্ডের ব্যাটারদের কৃতিত্বও দিয়েছেন তিনি। রোদে পিচের আর্দ্রতা প্রত্যাশার চেয়ে দ্রুত শুকিয়ে যাওয়ায় পরের দিকে বোলাররা কম সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটিং কোচ।







