পশ্চিম লন্ডনের হাউন্সলোয় গত ৮ নভেম্বর বাঙালি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘হুল্লোড়’ (Hullor)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল সার্বজনীন কালীপুজো। হাউন্সলো হাই স্ট্রিটের কাছে হানিমুন ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত এই উৎসবে লন্ডন ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি অংশগ্রহণ করেন।
সুদূর কুমারটুলি থেকে আনা কালীপ্রতিমার পুজোয় ছিল মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি, আরতি ও ভোগ নিবেদনের আয়োজন। সকল দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণের পাশাপাশি কুইজ, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউন্সলো বরোর মেয়র কাউন্সিলর রঞ্জিত গিল।
পুজোর পাশাপাশি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি উদযাপনই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বছরভর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হুল্লোড়ের এই উদ্যোগ প্রবাসে বাংলা সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করল।প্রবাসে বাঙালির উৎসবের এক বিচিত্র চরিত্র আছে। দেশে থাকতে যে মানুষটি পাড়ার পুজোয় অঞ্জলি দিতে যাওয়ার সময়ও দশবার ঘড়ি দেখতেন, বিলেতে এসে তিনিই হয়তো এক ঘণ্টা গাড়ি চালিয়ে, শীতের সন্ধ্যায় সপরিবারে হাজির হন পুজোমণ্ডপে। কারণটা শুধু ধর্ম নয়। প্রবাসে পুজো মানে একসঙ্গে অনেক কিছু ফিরে পাওয়া। মায়ের মুখ, পাড়ার রাস্তা, শৈশবের সন্ধ্যা, নতুন জামার গন্ধ, কিংবা বহুদিন না দেখা কোনও আত্মীয়ের মতো আপন এক পরিচিত মুখ।
হুল্লোড়ের কালীপুজো যেন সেই ফিরে পাওয়ারই এক আয়োজন।







