মা আসছেন। শরৎকালের এই সোনালী ভোরে মহিষাসুরমর্দিনীর মন্ত্রোচ্চারণে চারদিক মুখরিত হওয়ার চেনা রীতির বাইরে এবার এক অন্য দৃশ্য দেখা গেল। দুর্গাপুজোর আনন্দকে আরও একটু রাঙিয়ে দিতে এবং নতুন প্রজন্মের কচি মনে দেবীবন্দনার বীজ বুনে দিতে আয়োজিত হয়েছিল এক বর্ণময় অনুষ্ঠান। ‘দুর্জা ইভেন্টস’-এর উদ্যোগে সম্প্রতি আত্মপ্রকাশ করল ‘প্রিয় দুগ্গা মা – ২০২৬’। আর এই পুরো আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল নিবেদিত প্রাণ ‘ছোটদের মহালয়া’। পনেরো বছরের কম বয়সি একদল শিল্পীকে নিয়ে সাজানো এই পরিবেশনা দর্শকদের মন কেড়েছে।
ছোট ছোট ছেলেমেয়েরা শুধু ভবিষ্যতের নাগরিকই নয়, তাদের সুপ্ত প্রতিভা ও স্বপ্নগুলোকেও সমাজের সামনে বড় করে তুলে ধরা দরকার— এই ভাবনা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। আয়োজকদের মতে, আজকের দিনে আধুনিকতার ভিড়ে শিকড়ের সঙ্গে কচিকাঁচাদের পরিচয় করিয়ে দেওয়ার এর চেয়ে সুন্দর উপায় আর হতে পারে না।
হুট করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাওয়া নয়, এর নেপথ্যে ছিল সুদীর্ঘ ও কঠোর পরিশ্রম। টানা পনেরো দিন ধরে চলেছিল নিবিড় প্রশিক্ষণ। নাচ, গান ও অভিনয়ে পারদর্শী করে তুলতে এই কচিকাচাদের দলটিকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রশিক্ষক কঙ্কনা চ্যাটার্জি ও তন্ময় সেনগুপ্ত।
প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পর তিন দিন ধরে চলে দৃশ্যগ্রহণ। পুরো প্রজেক্টটির মুন্সিয়ানা পরিচালনা করেছেন সৌরভ চৌধুরী। শুধু পরিচালনা বা অভিনয়ই নয়, এর কারিগরি দিকগুলিও ছিল বেশ সমৃদ্ধ। বর্ধমানের ‘ভিশন ফিল্মস’-এর কারিগরি সহযোগিতা এবং বাগুইআটির ‘বানিয়াম অডিও স্টুডিও’-র নিখুঁত শব্দ পরিকল্পনা এই পুরো উপস্থাপনাটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।
ছোটদের মহালয়া মানেই যে মামুলি কিছু নয়, তা এর প্রতিটি ফ্রেমে প্রমাণ মিলেছে। সম্প্রচার এবং উদযাপনের বিশেষ মুহূর্ত
মহালয়ার পবিত্র ভোরে নির্দিষ্ট সময়েই— ঠিক সকাল ৭টায়— বিভিন্ন সমাজ যোগাযোগমাধ্যম এবং সম্প্রচার সহযোগীদের টেলিভিশন স্ক্রিনে একযোগে সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান।
এরপর গত ২ অক্টোবর ২০২৬ তারিখে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে বড় পর্দায় একসঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ পান খুদে শিল্পীরা, তাঁদের অভিভাবকেরা, দুর্জা ইভেন্টস-এর সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। ঘরের ছেলেমেয়েরা যখন পর্দায় নিজেদের শিল্পকলা দেখতে পেল, তখন তাদের উল্লাস ও চোখের চকচকে আনন্দ দেখার মতো ছিল।
অনুষ্ঠানের শেষ পর্বে কুশলী ক্ষুদে শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও বিশেষ পদক। শুধু তাই নয়, পর্দার পেছনের কারিগর— অর্থাৎ এই মহালয়া নির্মাণের নেপথ্যে থাকা কলাকুশলীদেরও সম্মান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
সব মিলিয়ে, ‘ছোটদের মহালয়া’ কেবল একটি দৃশ্যকাব্য় বা অনুষ্ঠান নয়; এটি আগামী দিনের প্রতিভাবানদের স্বপ্নপূরণের একটি সার্থক সোপান। ঐতিহ্যের হাত ধরে কচিকাঁচাদের এই পথচলা আগামী দিনে আরও বড় কোনো আয়োজনের স্বপ্ন দেখাবে, তা বলাই বাহুল্য।







