ওয়েব ডেস্ক : ইস্তফার মাত্র দু’সপ্তাহের মধ্যেই ফের এনভিডিয়ার (Nvidia) শীর্ষপদে ফিরলেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং (Jensen Huang)। সোমবার তাঁকে পুনরায় সিইও, প্রেসিডেন্ট এবং পরিচালন পর্ষদের সদস্য হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি। ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্কের জেরে গত ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন হুয়াং। তবে কর্মী, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক সহযোগী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর তাঁর প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিল সংস্থার বোর্ড।
হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর থেকেই এনভিডিয়ায় নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই বিতর্কের একটি অংশে এমন এক ব্যবসায়িনীর নাম উঠে আসে, যাঁকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছেন মার্কিন কর্তৃপক্ষ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বেজিং। হুয়াংয়ের পদত্যাগের পর তাঁকে ফেরানোর দাবিতে একটি অনলাইন পিটিশন শুরু হয়। তাতে ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেন। তাঁদের মধ্যে ছিলেন ইলন মাস্কও।
আরও খবর : নেপালকে ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ, ৮ সমঝোতাপত্রে সই! মোদি-বালেন্দ্র বৈঠকের বড় ঘোষণা
হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে এনভিডিয়ার পরিচালন পর্ষদ সঠিক কাজ করেছে।” তাঁর আরও দাবি, হুয়াংয়ের প্রত্যাবর্তনে মার্কিন জাতীয় নিরাপত্তার কোনও ঝুঁকি নেই। বোর্ডের তরফেও জানানো হয়েছে, হুয়াংয়ের বক্তব্য ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে তারা সন্তুষ্ট। মার্কিন সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনভিডিয়াকে একটি ভিডিও গেম চিপ নির্মাতা সংস্থা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসেসরের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হুয়াংয়ের। সংস্থার প্রযুক্তিগত পরিকল্পনা, বড় গ্রাহকদের সঙ্গে সম্পর্ক এবং মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। তাঁর প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আসতেই প্রিমার্কেট ট্রেডিংয়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়ে যায়। সংস্থার প্রধান আর্থিক আধিকারিক কোলেট ক্রেস আগের মতোই নিজের দায়িত্বে থাকবেন।







