পঞ্জাবের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের পুরনো জোটে ফিরল বিজেপি ও শিরোমণি অকালি দল। ছ’বছরের বিচ্ছেদের পর দুই দলের জোটের আনুষ্ঠানিক ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। এই ঘোষণার ফলে অকালি দল আবারও এনডিএ-তে ফিরল।
জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ। তাঁর বক্তব্য, জোটে যে দল বড় শরিকের ভূমিকা পালন করবে, মুখ্যমন্ত্রীও হবেন সেই দলের। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, পঞ্জাবে অকালি দলই থাকবে বড় শরিক। ফলে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর পদ অকালি দলের হাতেই যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সুখবীর সিং বাদলের নাম সরাসরি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি।
আসন সমঝোতার পূর্ণাঙ্গ হিসাব অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। অমিত শাহ জানিয়েছেন, দুই দলই পঞ্জাব বিধানসভার ১১৭টি আসনে যৌথভাবে লড়াই করবে। কোন দল কতগুলি আসনে প্রার্থী দেবে, তা নিয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের তিনটি কৃষি আইনকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল অকালি দল। প্রায় ২৪ বছরের পুরনো জোট ভেঙে বেরিয়ে এসেছিলেন সুখবীর বাদলের দল। পরবর্তী সময়ে কৃষক আন্দোলনের প্রেক্ষিতে ওই আইন প্রত্যাহার করা হয়। এবার সেই বিচ্ছেদের ছ’বছর পর ফের একসঙ্গে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিল দুই দল।
সাংবাদিক বৈঠকে অমিত শাহের বক্তব্য, পঞ্জাবের মাদক সমস্যা, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা জোটের অন্যতম অগ্রাধিকার হবে। অন্যদিকে, সুখবীর বাদল এই সমঝোতাকে শুধু রাজনৈতিক জোট নয়, পঞ্জাবের স্বার্থে আবেগের সম্পর্ক বলেও উল্লেখ করেছেন।







