২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি-বিরোধী জোটকে শক্তিশালী করার প্রস্তুতি শুরু করে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার আলোচনা যেমন চলছে, তেমনই আম আদমি পার্টি এবং সিপিআই (এমএল) লিবারেশনের সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে সমাজবাদী পার্টি। পাশাপাশি নির্বাচনী প্রচারে কয়েকটি নতুন প্রতিবাদী মুখকে সামনে আনার পরিকল্পনাও রয়েছে বলে খবর। সেই তালিকায় রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নেহা বোরার নাম।
২৩ নভেম্বর কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে প্রথম দফার আসন বণ্টন নিয়ে বৈঠকের কথা রয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারির বাড়িতে এই আলোচনা হতে পারে। তবে বৈঠকের স্থান এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সমাজবাদী পার্টি।
কংগ্রেসের তরফে আলোচনায় থাকতে পারেন উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম, প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র এবং ইমরান মাসুদ। অন্যদিকে, অখিলেশ চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটিতে রয়েছেন রামগোপাল যাদব, শ্যামলাল পাল, রাজীব রায় এবং ইকরা হাসান।
আসন বণ্টন নিয়ে দুই দলের অবস্থানে কিছুটা পার্থক্য রয়েছে। ২০১৭ সালের নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে ১০৫টি আসনে লড়েছিল কংগ্রেস। এবার নিজেদের রাজনৈতিক শক্তি বেড়েছে দাবি করে বেশি আসন চাইছে তারা। তবে অখিলেশের বক্তব্য, আসনসংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হল জয়ের সম্ভাবনা।
এদিকে আপ সাংসদ সঞ্জয় সিং এবং সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গেও বৈঠক করেছেন অখিলেশ। নির্বাচনী প্রচারে ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কার মতো প্রতিবাদী মুখদের কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নেহা বোরার নামও উঠে এসেছে এই প্রসঙ্গে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ৩৭টি এবং কংগ্রেস ছ’টি আসনে জয় পেয়েছিল। বিজেপি পেয়েছিল ৩৩টি আসন। সেই ফলের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে বিরোধী ভোট একজোট করার কৌশল নিচ্ছেন অখিলেশ।







