ওয়েব ডেস্ক : মুম্বইয়ে (Mumbai) ফের ২৬/১১-র ধাঁচে সন্ত্রাসবাদী হামলার হুমকি। বৃহস্পতিবার শহরের মেয়র ঋতু তাওড়ে এবং বৃহন্মুম্বই পুরসভার কমিশনার অশ্বিনী ভিডের কাছে একটি হুমকি ই-মেল আসে। সেই বার্তায় অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাংলো ‘জলসা’-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২৬ নভেম্বর মুম্বই হামলার ১৮তম বর্ষপূর্তির দিনেই এই হুমকি ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন।
সকাল ১০টা ১২ মিনিটে পাঠানো ই-মেলে মুম্বইয়ের মেয়রের দফতর এবং একটি আদালতকেও সম্ভাব্য নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, খালিস্তানি সংগঠনের সদস্যদের হাতে গ্রেনেড থাকার দাবি করে শহরের মহালক্ষ্মী, সায়েন্স এবং আচার্য মেট্রো স্টেশনে হামলার আশঙ্কা জানানো হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আইইডি বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর : পাক ওয়েব সিরিজ নিয়ে জলঘোলা, নেটফ্লিক্স-কে বার্তা দিল কেন্দ্র
হুমকি বার্তায় গায়ক দিলজিৎ দোসাঞ্জের ২৭ নভেম্বরের মুম্বইয়ের অনুষ্ঠানও নিশানায় রয়েছে। অনুষ্ঠান বাতিল না হলে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি আগামী ৩০ দিন ধরে মুম্বইজুড়ে গ্রেনেড হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জের নাম উল্লেখ করে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও টানা হয়েছে ওই ই-মেলে। সেখানে খালিস্তান ন্যাশনাল আর্মি এবং বব্বর খালসার মতো সংগঠনের নাম রয়েছে।
এর আগেও একাধিকবার অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’কে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছিল। চলতি মাসের গোড়ায় বোমা বিস্ফোরণের হুমকি পাওয়ার পর বাড়িটির নিরাপত্তা বাড়ানো হয়। এমনকী অনুরাগীদের সঙ্গে দেখা করার সময়ও বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে হাত নাড়তে দেখা গিয়েছিল অভিনেতাকে। গত ২৩ অক্টোবর মেয়রের দফতরেও একই ধরনের একটি হুমকি ই-মেল এসেছিল। সেই বার্তাতেও ‘জলসা’-র নাম উল্লেখ করা হয়েছিল। পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু না পেলেও নতুন হুমকির পর শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্কতা বেড়েছে।







