ওয়েব ডেস্ক : দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) নামকরণ ঘিরে দীর্ঘদিনের বিতর্কে এবার সরকারি ভাবে যবনিকা পড়ল। মন্দির চত্বরের নাম থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন নামকরণের বিষয়টি সামনে আসতেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। একই সঙ্গে এই বিতর্কের জন্য পশ্চিমবঙ্গের পূর্বতন সরকারকেও কাঠগড়ায় তুলেছেন তিনি।
নতুন নামের ক্ষেত্রে মন্দির চত্বর এবং মূল উপাসনাস্থলকে আলাদা পরিচয় দেওয়া হয়েছে। গোটা কমপ্লেক্সের নাম রাখা হচ্ছে ‘শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’। অন্যদিকে, বিগ্রহ যেখানে প্রতিষ্ঠিত রয়েছে, সেই অংশের নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’। গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা জানান।
আরও খবর : ভোটার তালিকা থেকে নাম বাদ, বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই পুলিশের! কার নির্দেশে, প্রশ্ন সেলিমের
চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেন মোহনচরণ মাঝি। তাঁর দাবি, পুরীর শ্রীক্ষেত্রের বিশেষ আধ্যাত্মিক মর্যাদা রয়েছে। সেই প্রেক্ষাপটে দিঘার মন্দিরের সঙ্গে ‘জগন্নাথ ধাম’ নাম জুড়ে দেওয়ায় বহু ভক্তের আবেগে আঘাত লেগেছিল। আগের সরকার এই বিষয়টির গুরুত্ব বুঝতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
দিঘার মন্দিরের নাম নিয়ে আপত্তির বিষয়টি ওড়িশা সরকারের তরফে আগেই জানানো হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিষয়টি নিয়ে নতুন করে উদ্যোগ শুরু হয়। পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তির কথা জানিয়ে নবান্নে গিয়েছিলেন। এরপরই দিঘার মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দ সরানোর ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।







