ওয়েব ডেস্ক : মিশরের (Egypt) রাজধানী কায়রোর কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত ৩১ জন। বুধবার পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রক। দুর্ঘটনাটি ঘটে গিজার ইমবাবা জেলার আল-ওয়ারাক এলাকায় একটি সুড়ঙ্গের উপরে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলন্ত অবস্থায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সেটি উল্টে গিয়ে বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কায়রো, গিজা ও কালিউবিয়া—এই তিন প্রশাসনিক অঞ্চলকে সংযুক্ত করেছে গুরুত্বপূর্ণ রিং রোডটি। ফলে দুর্ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে অন্তত ২৭টি গাড়ি পুড়ে গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশের সরকারি কৌঁসুলি। নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য দেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার নিজে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলিও মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাষ্ট্র বহন করবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলি।







