ওয়েব ডেস্ক : মাকে হারালেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন জিৎ।
শুক্রবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রয়াণের খবর জানিয়ে একটি আবেগঘন বার্তা দেন সুরকার। সেখানে তিনি লেখেন, মায়ের চলে যাওয়ায় তাঁর পৃথিবী যেন শূন্য হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্যও ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি মীনা গঙ্গোপাধ্যায়ের আত্মার শান্তি কামনায় সকলের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন।
আরও খবর : ২৬/১১-র ধাঁচে হামলার হুমকি মুম্বইয়ে, নিশানায় অমিতাভ বচ্চনের ‘জলসা’ও!
জানা গিয়েছে, কেওড়াতলা মহাশ্মশানে মীনা গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে তাঁর মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। দীর্ঘদিন ধরেই কাজের সূত্রে মুম্বইয়ে থাকেন জিৎ গঙ্গোপাধ্যায়। মায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর অনুরাগী ও পরিচিত মহলের তরফে শোকবার্তা আসতে শুরু করেছে।







