ওয়েব ডেস্ক : মোথাবাড়ি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল। তবে এবার একা নন, স্বামী মেহবুব আলমকেও সঙ্গে নিয়ে সোমবার এনআইএ (NIA) দফতরে হাজিরা দেন তিনি। দফতরে প্রবেশের আগে সাবিনা দাবি করেন, ঘটনার দিন তাঁর স্বামী মোথাবাড়িতে ছিলেন না। তাঁর আরও অভিযোগ, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার এই তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
সাবিনার বক্তব্য অনুযায়ী, নির্বাচনী কর্মসূচি সেরে ফেরার পথে জাতীয় সড়কে অশান্তির পরিস্থিতি নজরে আসে তাঁর। তখন গাড়ি থামিয়ে বিক্ষোভকারীদের জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন তিনি। এই ঘটনার ভিডিও তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন প্রাক্তন মন্ত্রী। মোথাবাড়ির অশান্তিতে তাঁর এবং তাঁর স্বামীর মদত ছিল বলে যে অভিযোগ উঠেছে, তা কার্যত খারিজ করেছেন তিনি।
উল্লেখ্য, গত ১ এপ্রিল এসআইআর প্রক্রিয়া চলাকালীন মোথাবাড়িতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে কালিয়াচকের বিডিও অফিসে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখা হয়। একই সময়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে হামলার অভিযোগও ওঠে। ঘটনায় তদন্ত শুরু করে এনআইএ। এই ঘটনায় মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। একটি মামলায় ২২ জন এবং অন্যটিতে এক জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে মোট ২৩ জনের নাম রয়েছে।
এর আগেও গত ২৪ সেপ্টেম্বরও সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। সেদিন মালদহের কালিয়াচক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও স্বামীর অসুস্থতার কারণে কলকাতায় ছিলেন তিনি। পরে কলকাতার এনআইএ দফতরে গিয়ে হাজিরা দেন। এক মাসের মধ্যে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন সুজাপুরের বিধায়ক।







