HomeScrollসপ্তাহের শুরুতেই নিম্নচাপের বৃষ্টি, মঙ্গলবার থেকে নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে...
Weather update

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের বৃষ্টি, মঙ্গলবার থেকে নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত বাংলায়?

কলকাতা: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই বাংলার আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত। সপ্তাহের শুরুতেই নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। তবে স্বস্তির খবর, মঙ্গলবার থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কমতে শুরু করবে তাপমাত্রার পারদ। ফলে নভেম্বরের শেষ সপ্তাহেই কি রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হবে?

 

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। কয়েকটি জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। তবে সপ্তাহের দ্বিতীয় দিন থেকেই ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার ইঙ্গিত মিলেছে।

 

মঙ্গলবার থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস

 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। কিন্তু মঙ্গলবার থেকে নামতে শুরু করবে পারদ। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার—পরপর তিন দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

 

পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বেশি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবারের পর থেকে ওই সমস্ত এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নামতে পারে। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 

সব মিলিয়ে, সপ্তাহের প্রথম দিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও মেঘলা আকাশ থাকলেও পরবর্তী সময়ে পরিস্থিতি বদলাতে পারে। তাপমাত্রা কমলে রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ। এখন নজর মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের দিকে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News