HomeScrollমাঠে নুইয়ে পড়েছে গোবিন্দভোগ ধান, জলে ডুবেছে আলুর জমি! অকাল বৃষ্টিতে পূর্ব...
East Burdwan

মাঠে নুইয়ে পড়েছে গোবিন্দভোগ ধান, জলে ডুবেছে আলুর জমি! অকাল বৃষ্টিতে পূর্ব বর্ধমানে মাথায় হাত চাষিদের

অকাল বৃষ্টিতে বিপাকে পূর্ব বর্ধমানের কৃষকরা। আমন ধান কাটার মুখে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে জেলার বিস্তীর্ণ কৃষিজমিতে। জমিতে নুইয়ে পড়েছে পাকা গোবিন্দভোগ ধান। অন্যদিকে, জল জমে বিপন্ন ফুলকপি ও আলুর চাষও। বছরের পর বছর পরিশ্রম করে ফলানো ফসল ঘরে তোলার মুখে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় চাষিরা।

 

পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় রায়না, জামালপুর এবং খণ্ডঘোষ ব্লকে প্রচুর পরিমাণে গোবিন্দভোগ ধানের চাষ হয়। বীজ রোপণ থেকে ফসল পাকা পর্যন্ত সময় লাগে প্রায় ৯০ দিন। বর্তমানে সেই ধান কাটার মরশুম। কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও অব্যাহত থাকায় বিঘার পর বিঘা জমিতে পাকা ধান গাছ নুইয়ে পড়েছে। জমিতে জল জমে থাকলে ধান ডুবে যাওয়ার পাশাপাশি গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা।

 

স্থানীয় চাষি রামপ্রসাদ দাস জানিয়েছেন, এক বিঘা জমিতে গোবিন্দভোগ ধান চাষ করতে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে প্রতি বিঘায় ৬০ কেজির ৮ থেকে ১০ বস্তা ধান পাওয়া যায়। ফলে শেষ মুহূর্তে ফসল নষ্ট হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের।

 

তবে কৃষি দফতরের দাবি, এখনও পর্যন্ত জেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। কৃষি উপ অধিকর্তা অমর কুমার মণ্ডল জানিয়েছেন, বেশ কিছু জায়গায় গোবিন্দভোগ ধান জমিতে পড়ে গেলেও আপাতত বড় ক্ষতির আশঙ্কা কম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে জেলায় প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে গোবিন্দভোগ এবং মোট ২ লক্ষ ৭৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।

 

অন্যদিকে, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিশ্বরম্ভা ও কালেখাতলা এলাকায় জল জমে ফুলকপি চাষেও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আরও চার-পাঁচ দিন পরে কাটার কথা থাকলেও বাধ্য হয়ে আগেভাগেই ফুলকপি তুলছেন চাষিরা। ফলে ভালো বাজারদর পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি জলের তলায় আলুর জমিও। সরকারি ক্ষতিপূরণ না পেলে বড় আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News