ওয়েব ডেস্ক : রাস উৎসবের সূচনায় নবদ্বীপে (Nabadwip) গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শ্রীচৈতন্যদেবের জন্মভূমির পরিকাঠামো উন্নয়ন, ধর্মীয় গবেষণা এবং গোশালার সম্প্রসারণে অর্থ বরাদ্দের কথা জানালেন তিনি। অর্ধসমাপ্ত গবেষণা কেন্দ্রের কাজ শেষ করতে ২ কোটি টাকা এবং গোশালার জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ডিসেম্বরের মধ্যেই এই বরাদ্দ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
রবিবার সকালে রাস উৎসবের উদ্বোধনে নবদ্বীপে পৌঁছন শুভেন্দু। শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাবের ভারত মাতা পুজোরও সূচনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে নবদ্বীপের পরিকাঠামো ও সরকারি উন্নয়নের দিকে যথেষ্ট নজর দেওয়া হয়নি। আগের সরকারকে নিশানা করে তিনি দাবি করেন, দেশি ও বিদেশি মদের দোকান ছাড়া শহরের জন্য উল্লেখযোগ্য কিছু করা হয়নি।
আরও খবর : ঘূর্ণিঝড়ের বিদায়, এবার কি জাঁকিয়ে শীত? বৃষ্টি কমতেই পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের
মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিশেষ গুরুত্ব পেয়েছে নদীর ঘাট ও যাতায়াত ব্যবস্থা। ভেঙে পড়া ঘাট নতুন করে সংস্কারের দায়িত্ব সেচ দফতরকে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি একটি সেতু নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। স্থায়ী সেতু তৈরি না হওয়া পর্যন্ত আধুনিক লঞ্চ পরিষেবা চালু রাখার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, আগামী দু’মাসের মধ্যে ঘাট সংস্কার ও লঞ্চ চলাচল শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও নবদ্বীপে গুরুকুল এবং সংস্কৃত টোল চালুর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘাটের কাজ শেষ হলে এবং লঞ্চ পরিষেবা চালু হলে উদ্বোধনের জন্য ফের নবদ্বীপে আসার কথাও জানিয়েছেন তিনি।







