ওয়েব ডেস্ক : বিয়ের আসর তৈরি। অতিথিদের জন্য খাবারের আয়োজন। কনে সেজে বসে রয়েছেন মণ্ডপে। কিন্তু শেষ মুহূর্তে পাত্রের দাবি পূরণ না হওয়ায় বিয়ে না করেই অনুষ্ঠানস্থল ছাড়লেন তিনি। হরিয়ানার (Haryana) সোনিপতে এমনই ঘটনার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের এক কর্মীর বিরুদ্ধে। কনের পরিবারের দাবি, প্রায় ১৩ লক্ষ টাকা দামের মারুতি ব্রেজা গাড়ি না পেয়ে বিয়ে করতে রাজি হননি পাত্র। অথচ তাঁর জন্য আগেই প্রায় ৯.৫ লক্ষ টাকা দামের হুন্ডাই অরা গাড়ি বুক করা হয়েছিল।
ঘটনাটি ঘটে গত ২০ নভেম্বর সোনিপতের মামচাঁদ বাটিকায়। কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, প্রায় ছয় মাস আগে মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের দিন স্থির হওয়ার পর থেকেই গাড়ি ও গয়না নিয়ে পাত্রপক্ষের তরফে নানা দাবি আসতে শুরু করে। পাত্রের জন্য অরা গাড়ি বুক করার পরও তিনি তাতে সন্তুষ্ট নন বলে জানতে পারেন কনের পরিবার। বিয়ের ঠিক আগের দিন ব্রেজা গাড়ির দাবি সামনে আসে। এরপর আগের বুকিং বাতিল করে নতুন গাড়ির ব্যবস্থা করার চেষ্টা হলেও সময়ের অভাবে তা সম্ভব হয়নি।
আরও খবর : উদ্বোধনী অনুষ্ঠানে তেজস্বীকে আমন্ত্রণ নয়, নীতীশ সেতুতে বিক্ষোভ আরজেডি কর্মীদের
গাড়ির পাশাপাশি সোনার গয়না ও অন্যান্য সামগ্রী নিয়েও দাবি করা হয়েছিল বলে অভিযোগ কনের বাবার। তাঁর দাবি, পাত্রের জন্য দুই ভরি সোনার চেন, পাত্রের মায়ের জন্য চার ভরি সোনার দুল এবং রুপোর নূপুরের ব্যবস্থা করা হয়েছিল। পাত্রের দাদা ও বৌদির জন্যও গয়নার অর্ডার দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিয়ের আসবাবপত্র কিনতেই প্রায় ১ লক্ষ ৩২ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সুভাষ। তাঁর দাবি, গোটা বিয়ের আয়োজনে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা ব্যয় করেছিলেন তাঁরা।
বিয়ের দিন প্রায় ১২০০ অতিথির খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু অভিযোগ, বরযাত্রী নিয়ে না এসে কুলদীপ সাধারণ পোশাকে তাঁর মাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে পৌঁছন। সেখানে ব্রেজা গাড়ি না দেখতে পেয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। কনের পরিবারের অভিযোগ, পাত্র তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হিনার ভাই সাহিলের সঙ্গেও বিবাদে জড়ান। আত্মীয়রা বারবার অনুরোধ করলেও বিয়ের আচার সম্পন্ন করতে রাজি হননি তিনি। শেষ পর্যন্ত মণ্ডপ ছেড়ে চলে যান পাত্র। বিয়ের সাজে অপেক্ষা করতে থাকেন কনে।
ঘটনার পর দুই পক্ষই পুলিশকে খবর দেয় বলে জানা গিয়েছে। পরে কনের বাবা থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে পাত্র ও তাঁর পরিবারের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, মেয়ে এমএ এবং জেবিটি প্রশিক্ষণপ্রাপ্ত। পরিবারের সামর্থ্য অনুযায়ী বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ঘটনার তদন্ত এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় পরিবার।







