ওয়েব ডেস্ক : রাসপূর্ণিমা উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (kolkata Metro)। আগামী ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে বাড়তি এক জোড়া মেট্রো চলবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
নির্ধারিত সূচি মেনেই শুরু হবে ব্লু লাইনের প্রথম মেট্রো। তবে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ১০টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও দমদম—দুই প্রান্তের স্টেশন থেকেই ওই সময় শেষ মেট্রো ছাড়বে। রাসপূর্ণিমার দু’দিন এই রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৫৪টি মেট্রো চলাচল করবে।
আরও খবর : আদানির সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ চুক্তি রাজ্যে! মিলবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ
অন্যদিকে, গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত দু’দিনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২১২টি মেট্রো চালানো হবে। এই রুটে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত পরিষেবাও আগের নিয়মেই চলবে। পার্পল ও অরেঞ্জ লাইনেও সময়সূচিতে কোনও বদল থাকছে না।
এদিকে, চলতি বছর রাসপূর্ণিমার তিথি নিয়ে দুই পঞ্জিকায় সময়ের কিছু পার্থক্য রয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৩ নভেম্বর রাত ১১টা ৪৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে ২৪ নভেম্বর রাত ৮টা ২৪ মিনিটে শেষ হবে। অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, ২৩ নভেম্বর রাত ১০টা ৫০ মিনিট ২৯ সেকেন্ডে তিথির সূচনা। পরদিন রাত ৯টা ২০ মিনিটে তা শেষ হবে।







