HomeScrollঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কায় তটস্থ পুরী! সমুদ্রসৈকতে মাইকিং, ৩ দিন বন্ধ গুন্ডিচা মন্দির,...
Cyclone Akvan

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কায় তটস্থ পুরী! সমুদ্রসৈকতে মাইকিং, ৩ দিন বন্ধ গুন্ডিচা মন্দির, কমছে ঝড়ের শক্তি

কলকাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কায় সতর্ক ওড়িশার পুরী। পরিস্থিতি মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন। পুরীর জগন্নাথ ধামের সমুদ্রসৈকতে চলছে মাইকিং। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সৈকত সংলগ্ন বিভিন্ন অস্থায়ী দোকান ও ব্যবসার সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্যোগের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফলকে কেন্দ্র করে পুরীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা। প্রশাসনের তরফে পর্যটক ও স্থানীয়দের নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় সৈকতে যাতে কেউ ঝুঁকি না নেন, সে দিকেও নজর রাখা হচ্ছে।

এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে। প্রাথমিক আশঙ্কার তুলনায় ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারানোর সম্ভাবনা রয়েছে ‘আকভান’-এর।

ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনও একাধিক সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভক্তদের জন্য বন্ধ রাখা হবে গুন্ডিচা মন্দির। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কাতেই এই সিদ্ধান্ত। পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষ দর্শনও বন্ধ রাখার কথা জানানো হয়েছে। শুক্রবার বেলা ১২টায় গোপালপুরের কাছে আকভান-এর ল্যান্ডফল।

সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে পুরী জেলা প্রশাসন। পর্যটক, তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News