ওয়েব ডেস্ক : একাধিক আইনি টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সিআইডির দফতরে হাজির হলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে ভবানীভবনে পৌঁছন তিনি। কলকাতায় এক ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হয়েছিল বিপুল নগদ টাকা। অঙ্কটা ৫ কোটি। সেই টাকার উৎস এবং মামলার তদন্তে এবার সরাসরি টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি। শুক্রবার দুপুরে ভবানীভবনে পৌঁছে তদন্তকারীদের মুখোমুখি হন বীরভূমের এই পাথর ব্যবসায়ী।
এই মামলার সূত্রপাত গত বছরের নভেম্বর মাসে। কলকাতায় টুলুর এক ম্যানেজারের কাছ থেকে ৫ কোটি টাকা উদ্ধারের পর নারায়ণপুর থানায় মামলা দায়ের হয়। তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দারা পরে টুলুকে তলব করেন। সিউড়ির সুভাষপল্লিতে তাঁর বাড়ির বাইরে নোটিসও পৌঁছে দেওয়া হয়। সেখানে এসওজি বিভাগে হাজির হওয়ার নির্দেশ ছিল। কিন্তু হাজিরার আগে আদালতের দ্বারস্থ হন টুলু।
আরও খবর : ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত
তাঁর বিরুদ্ধে রাজস্বের টাকা নয়ছয় এবং ভুয়ো ডিসিআর তৈরি করে কর ফাঁকির অভিযোগও রয়েছে। পাথর ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক সরকারি প্রকল্পের বরাত পাওয়ার বিষয়টি নিয়েও তদন্ত হয়েছে। সিউড়ি আদালতে পুলিশ ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে। সেখানে টুলুর নাম রয়েছে মূল অভিযুক্ত হিসেবে। অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি নাগালের বাইরে চলে যান বলে দাবি পুলিশের। তদন্তকারীদের সন্দেহ ছিল, দুবাইয়ে আত্মগোপন করেছিলেন তিনি।
এর পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফেরেন টুলু। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও নির্দেশ দেয় শীর্ষ আদালত। দেশে ফিরে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এফআইআরকে চ্যালেঞ্জ করেন তিনি। পাশাপাশি সম্ভাব্য লুকআউট নোটিস নিয়ে উদ্বেগ জানিয়ে, কোনও পদক্ষেপের আগে তাঁকে জানানোর আবেদন করেন। আইনি লড়াইয়ের মধ্যেই শুক্রবার সিআইডির তলবে সাড়া দিলেন টুলু। এবার তাঁর জিজ্ঞাসাবাদে ৫ কোটি টাকা উদ্ধারের মামলায় কী তথ্য সামনে আসে, সেটাই দেখার।







