ওয়েব ডেস্ক : বলিউড অভিনেতা সইফ আলি খানকে (Saif Ali Khan) ফের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি অডিও বার্তা। সেখানে বক্তা নিজেকে জিশান আখতার বলে পরিচয় দিয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। অডিওটি সত্যিই বাবা সিদ্দিকি খুনের মামলায় পলাতক অভিযুক্ত জিশান পাঠিয়েছে, নাকি তাঁর পরিচয় ব্যবহার করে অন্য কেউ হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বার্তাটি রোহিত গোদারা গ্যাংয়ের নাম করেও ছড়ানো হয়েছে।
২০২৪ সালের অক্টোবরে মুম্বইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির। সেই খুনের ঘটনার পর থেকেই পলাতক জিশান আখতার। তদন্তের প্রাথমিক পর্যায়ে তাঁকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত হ্যান্ডলার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি অযাচাইকৃত ভিডিওতে বিদেশে পালিয়ে যাওয়া এবং রোহিত গোদারা গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়ার দাবি করে সে। তবে সইফকে পাঠানো সাম্প্রতিক অডিওর সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও খবর : ‘বেঁচে গেলাম’, কীসের ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন?
মুম্বই পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, অডিও বার্তার উৎস এবং বক্তার পরিচয় যাচাই করা হচ্ছে। ফরেনসিক ও সাইবার অপরাধ দমন শাখার বিশেষজ্ঞরা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সইফের স্ত্রী করিনা কাপুরকে ঘিরে সাম্প্রতিক একটি বিতর্কের সূত্রে এই হুমকি দেওয়া হয়ে থাকতে পারে। তবে সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। এর আগে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে একই ধরনের হুমকি অডিও পাঠানোর অভিযোগে বেঙ্গালুরুর এক প্রযুক্তিকর্মী বৈভব মিশ্রকে গ্রেফতার করেছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তদন্তকারীদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কণ্ঠস্বর নকল করে এবং ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে হুমকি দিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে কোনও গ্যাংয়ের যোগ পাওয়া যায়নি বলেও জানিয়েছিল পুলিশ।
বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে সামনে এল সইফকে ঘিরে এই ঘটনা। সম্প্রতি টাইগার শ্রফের জুহুর বাড়ির বাইরে গুলিচালনার ঘটনা ঘটে। নিরাপত্তা নিয়ে আশঙ্কায় অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়িতেও সুরক্ষার ব্যবস্থা বাড়ানো হয়েছে। এর আগে বান্দ্রার বাড়িতে ছুরিকাঘাতের হামলার শিকার হয়েছিলেন সইফ। সলমন খানের বান্দ্রার বাড়ি এবং পরিচালক রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরেও গুলি চালানোর ঘটনা ঘটেছে।







