HomeScrollবিয়ের দাবিতে ইনফ্লুয়েন্সারের বাড়িতে যুবক, মারধরের পর মৃত্যু! গ্রেফতার বাবা
Delhi Influencer's

বিয়ের দাবিতে ইনফ্লুয়েন্সারের বাড়িতে যুবক, মারধরের পর মৃত্যু! গ্রেফতার বাবা

একতরফা প্রেমের জেরে দিল্লিতে চাঞ্চল্য, হাসপাতালে মৃত্যু যুবকের; তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর ভাগ করে নিচ্ছিলেন। আর সেই খবর দেখেই নাকি তৈরি হয়েছিল একতরফা প্রেমের জটিলতা। শেষ পর্যন্ত বিয়ের দাবিতে দিল্লির (Delhi) এক মহিলা ইনফ্লুয়েন্সারের বাড়িতে ঢুকে পড়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মারধরে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের। ঘটনায় ইনফ্লুয়েন্সারের বাবা ও এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি গত ৭ নভেম্বরের। দিল্লির মধু বিহারের বাসিন্দা নেহা বিস্তের ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা ছ’লক্ষেরও বেশি। তাঁর ভিডিয়োতে নিয়মিত লক্ষ লক্ষ দর্শকের নজর থাকে। সম্প্রতি বাগদান ও আসন্ন বিয়ের নানা মুহূর্তও ভাগ করে নিচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সব ভিডিয়ো দেখেই নেহার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন অভিনব নামে এক যুবক। উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা অভিনব চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কয়েক মাস আগে অনুরাগী পরিচয়ে নেহার বাড়িতেও গিয়েছিলেন তিনি।

আরও খবর : তাজমহল ও নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি পেলেন না পাকমন্ত্রী মুসাদ্দিক

পুলিশের দাবি, ৭ নভেম্বর নেহার বাড়িতে ঢুকে তাঁকে বিয়ে করার জন্য জোরাজুরি করেন অভিনব। সেই সময় বাড়িতেই ছিলেন নেহা। যুবকের আচরণে ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্য এবং কয়েক জন প্রতিবেশী তাঁকে মারধর করেন। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজীব গান্ধী হাসপাতালে পাঠায়। কিন্তু ১৫ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তদন্তে পুলিশের আরও দাবি, নেহার অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ের খবর মেনে নিতে পারছিলেন না অভিনব। যদিও নেহা তাঁকে চিনতেন না।

ঘটনায় অনিচ্ছাকৃতভাবে মৃত্যুর কারণ হওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। নেহার বাবা বীরেন্দ্র বিস্ত এবং এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। মারধরের ঘটনায় আরও কেউ জড়িত ছিলেন কি না, তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার অন্যান্য দিকও পরীক্ষা করে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News