HomeScroll‘আমার সঙ্গে পাল্লা দিতে ৪০০০ কিলোমিটার হাঁটুন’, আমেরিকা থেকে মোদিকে চ্যালেঞ্জ রাহুলের!...
Rahul Gandhi

‘আমার সঙ্গে পাল্লা দিতে ৪০০০ কিলোমিটার হাঁটুন’, আমেরিকা থেকে মোদিকে চ্যালেঞ্জ রাহুলের! পাল্টা কী বলল বিজেপি?

নয়াদিল্লি: আমেরিকার মাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর মন্তব্য, “আমার সঙ্গে পাল্লা দিতে হলে ৪ হাজার কিলোমিটার হাঁটুন।” তবে একইসঙ্গে কটাক্ষ করে রাহুলের সংযোজন, প্রধানমন্ত্রী যদি সেই পথ হাঁটেন, তা হলে অনেকে বলবেন, তিনি কংগ্রেস নেতাকে নকল করছেন। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।

বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দিতে বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন রাহুল। সেখানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রের এনডিএ সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবার নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদির রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়েও মন্তব্য করেন কংগ্রেস নেতা।

রাহুলের কথায়, একজন রাজনীতিবিদ হিসেবে মোদি নিজেকে অন্যদের থেকে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করেছেন। তবে নিজের বক্তব্যের মাঝেই ২০২২ সালে শুরু হওয়া তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’র প্রসঙ্গ টেনে আনেন তিনি। প্রায় ৪ হাজার কিলোমিটার পথ হেঁটে ওই কর্মসূচি সম্পন্ন করেছিলেন রাহুল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রীকে একইভাবে হাঁটার চ্যালেঞ্জ জানান তিনি।

রাহুলের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের মিডিয়া আহ্বায়ক আশিস উষা আগরওয়ালের অভিযোগ, বিদেশের মাটিতে দাঁড়িয়ে বারবার ভারতের ভাবমূর্তি নেতিবাচকভাবে তুলে ধরছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, বিশ্ব যখন ভারতকে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির অন্যতম হিসেবে দেখছে, তখন রাহুল দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে থাকা রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাইছেন।

বিজেপির তরফে রাহুলের বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। ফলে আমেরিকায় তাঁর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক চাপানউতোর আরও একবার প্রকাশ্যে এল।

[youtube-feed feed=1]
Read More

Latest News