ওয়েব ডেস্ক : দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি-তে নিরাপত্তা ঘিরে চাঞ্চল্য। কোনও টিকিট বা বৈধ নথি ছাড়াই বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়লেন এক যুবক। সিআইএসএফের নজর এড়িয়ে ভিতরে প্রবেশের পর দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। যদিও বেশিদূর যেতে পারেননি। কিছুটা দূরেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। পরে ওই যুবককে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কুণাল। হরিয়ানার সোনিপতের বাসিন্দা তিনি। পেশায় অ্যাথলিট কুণাল পশ্চিমবঙ্গে প্রশিক্ষণও নিয়েছেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, যে কোনও উপায়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
আরও খবর : GTA 6-এর উন্মাদনায় ভর করে ১৩ বছরের উন্নয়নের খতিয়ান মোদির! কটাক্ষ কংগ্রেসকে
তবে বিমানবন্দরে ঢোকার সময় কুণালের কাছে কোনও বৈধ নথি, ভিসা কিংবা বিমানের টিকিট ছিল না। তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তিনি ভিতরে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুধু বিদেশে পালানোর পরিকল্পনাই ছিল, নাকি বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে অন্য কোনও উদ্দেশ্য ছিল কুণালের, তা খতিয়ে দেখছে পুলিশ।







