ওয়েব ডেস্ক : রাজনৈতিক রোড শোয়ে আনন্দের আবহ মুহূর্তে বদলে গেল শোকে। উত্তরপ্রদেশের (Uttarpradesh) গোরক্ষপুরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের র্যালিতে বুলডোজারের ধাক্কায় মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। মৃতের নাম আর্যবর্ধন সিং। তার বাবা ওমকার সিং স্থানীয় বিজেপি নেতা। বুধবার কুড়াঘাট এলাকায় সমাজবাদী পার্টির পিডিএ রথযাত্রা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে খবর।
পরিবারের অভিযোগ, র্যালিতে ফুল ছড়ানোর জন্য বুলডোজারটি ব্যবহার করা হচ্ছিল। অখিলেশ যাদবের কনভয় এগিয়ে যাওয়ার পর দ্রুতগতিতে আসা বুলডোজারটি পিছন থেকে আর্যবর্ধনকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তার ডিভাইডারে ছিটকে পড়ে কিশোরটি। মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের পাশাপাশি রোড শোয়ে ভারী যানবাহনের চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও খবর : GTA 6-এর উন্মাদনায় ভর করে ১৩ বছরের উন্নয়নের খতিয়ান মোদির! কটাক্ষ কংগ্রেসকে
ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। গোরক্ষপুরের বিধায়ক ইঞ্জিনিয়ার সর্বণ নিষাদ শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। মন্ত্রী সঞ্জয় নিষাদও ফোনে বিধায়কের সঙ্গে কথা বলেন। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সাহায্যের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ বিজেপি এই মৃত্যুর জন্য সমাজবাদী পার্টির কর্মীদের দুষ্কৃতীসুলভ আচরণকে দায়ী করেছে।
ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে অখিলেশ যাদব জানান, কিশোরের মৃত্যুর বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য ছিল না। তবে রোড শোয়ের জন্য প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন তিনি। এদিকে পুলিশ বুলডোজারটি বাজেয়াপ্ত করেছে। সেটির মালিকের সন্ধান চলছে। গোরক্ষপুর বিমানবন্দর থেকে শুরু হয়ে চৌরি চৌরার দেওকাহি গ্রামে শেষ হয়েছিল অখিলেশের এই রোড শো। জেলার ন’টি বিধানসভা কেন্দ্র-সহ পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ তাতে যোগ দিয়েছিলেন।







