HomeScrollভোর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি, ‘আকভান’-এর প্রভাব বাড়ার আশঙ্কা! ৫ জেলায় কমলা সতর্কতা...
Weather update

ভোর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি, ‘আকভান’-এর প্রভাব বাড়ার আশঙ্কা! ৫ জেলায় কমলা সতর্কতা জারি

কলকাতা: নির্ধারিত সময়ের আগেই স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় তিন ঘণ্টা ধরে চলতে পারে। গোপালপুরের কাছাকাছি এলাকায় ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম ও ভিজিয়ানগরমে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশার একাধিক জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, সমুদ্রে শক্তি কিছুটা হারিয়েছে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মেঘের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে।

স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শেষ হলে ‘আকভান’ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপটও বাড়ার আশঙ্কা রয়েছে। এই পাঁচ জেলায় তাই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শনি ও রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে। তবে শুক্রবারের তুলনায় বৃষ্টির তীব্রতা ও ঝোড়ো হাওয়ার দাপট কম থাকার পূর্বাভাস রয়েছে। সোমবার দুপুরের পর থেকে দুর্যোগের প্রভাব ধীরে ধীরে কমতে পারে। আকাশ পরিষ্কার হলে তাপমাত্রাও নামার সম্ভাবনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News