ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। আর সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সিরাজের বাদ পড়ার পিছনে তাঁর নামকে কারণ হিসেবে তুলে ধরে বৈষম্যের অভিযোগ করেছেন কংগ্রেস (Congress) সাংসদ ইমরান মাসুদ। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে ক্রিকেটেও ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি (BJP)।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান মাসুদ দাবি করেন, অতীতে ভালো পারফরম্যান্স থাকা সত্ত্বেও সিরাজকে দলে নেওয়া হয়নি। তাঁর বক্তব্য, সিরাজের নামের কারণেই তাঁকে একাদশে জায়গা দেওয়া হয়নি। এই সিদ্ধান্তে বৈষম্য স্পষ্ট বলেও অভিযোগ করেন কংগ্রেস সাংসদ। পাল্টা বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এই মন্তব্যকে লজ্জাজনক বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, ভারতীয় দলের নির্বাচনকে সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জুড়ে দিচ্ছে কংগ্রেস। রবীন্দ্র জাদেজাও প্রথম একাদশে জায়গা পাননি বলে উল্লেখ করেন তিনি।
আরও খবর : জয়সওয়ালের ঝোড়ো ৮৫, রাহুলের অর্ধশতরান! দ্বিতীয় দিনের শেষে লড়াইয়ে ভারত
সিরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটের দুই প্রাক্তন তারকা সুনীল গাভাসকর এবং রবি শাস্ত্রীও। গাভাসকর এই সিদ্ধান্তকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন। শাস্ত্রীর মতে, অভিজ্ঞতা এবং পরিশ্রমের কথা মাথায় রেখে সিরাজকে দলে রাখা উচিত ছিল। তবে ভারতীয় অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, প্রথম একাদশ বেছে নিতে টিম ম্যানেজমেন্টকে বেশ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। দলের সব পেসারই ভালো ছন্দে থাকায় সিরাজ এবং গুরনুর দু’জনকেই বাইরে রাখতে হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটক সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, সিরাজের কোনও সমস্যা নেই। দল নির্বাচনের সময় তাঁদের কাছে এই একাদশই সেরা বলে মনে হয়েছে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সিরাজের অনুপস্থিতি ঘিরে ক্রিকেটীয় সিদ্ধান্তের পাশাপাশি রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে।







