ওয়েব ডেস্ক : বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মুম্বইয়ের বাংলো ‘জলসা’ ঘিরে এবার সামনে এল পারিবারিক সম্পত্তি বিবাদ। ১৯৯৩ সালে উপহার দলিলের মাধ্যমে বাংলোটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল বলে অভিযোগ। সেই দলিলের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন। তাঁর দাবি, তাঁর অজ্ঞাতসারে এবং সম্মতি ছাড়াই সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।
বিষয়টি পৌঁছেছে মুম্বইয়ের আন্ধেরির সমবায় সমিতির ডেপুটি রেজিস্ট্রারের দফতরে। গত সাত মাসে একাধিক অভিযোগ জমা পড়ার পর শুরু হয়েছে শুনানি। সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিজেদের বক্তব্য ও নথি জমা দিতে বলা হয়েছে। তবে এখনও পর্যন্ত মালিকানা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।
বিতর্কের কেন্দ্রে রয়েছে সম্পত্তির মালিকানা সংক্রান্ত নথিতে অসঙ্গতি। কাপোল হাউজিং সোসাইটির নথিতে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনও রমোলার নাম রয়েছে বলে অভিযোগ। সরকারি নথি থেকে রমোলার নাম সরিয়ে জয়াকে মালিক হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ ঘিরেই নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
রমোলার অভিযোগ, জলসা প্রথমে তাঁর নামেই নথিভুক্ত ছিল। পরে ১৯৯৩ সালে একটি উপহার দলিলের মাধ্যমে তা জয়ার নামে হস্তান্তর করা হয়। কিন্তু ওই দলিল কীভাবে তৈরি হয়েছিল, তা নিয়েও আপত্তি তুলেছেন তিনি। তাঁর দাবি, দলিলটি সাধারণ কাগজে তৈরি হয়েছিল, সেই সময় স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং সাক্ষীদের স্বাক্ষরও ছিল না। পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র আওতায় দলিলটির নথিভুক্তি ও নিয়মিতকরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ মুলানি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলির জবাব চাওয়া হয়েছে। অন্যদিকে, অমিতাভ বচ্চন এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, মুম্বইয়ের অন্যতম পরিচিত তারকাবাড়ি ‘জলসা’। প্রতি রবিবার বাংলোর বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে অমিতাভের। সেই বাড়ির মালিকানা নিয়েই এবার আইনি ও প্রশাসনিক স্তরে তৈরি হয়েছে বিতর্ক।







