HomeScroll১১৩ দিন অন্তর ভয়ংকর বিস্ফোরণ! নক্ষত্রের আলো বাড়া-কমার রহস্য ভেদ করল নাসা
NASA

১১৩ দিন অন্তর ভয়ংকর বিস্ফোরণ! নক্ষত্রের আলো বাড়া-কমার রহস্য ভেদ করল নাসা

১৫ বছর ধরে ধাঁধায় ফেলেছিল মহাকাশবিজ্ঞানীদের, চন্দ্র টেলিস্কোপের পর্যবেক্ষণে মিলল নেপথ্যের সঙ্গীর সন্ধান

ওয়েব ডেস্ক : কখনও হঠাৎ তীব্র উজ্জ্বল হয়ে উঠছে, আবার কিছুদিন পরই ম্লান হয়ে যাচ্ছে। প্রায় ১৫ বছর ধরে মহাকাশবিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছিল এক বিশাল নক্ষত্রের এমন অদ্ভুত আচরণ। অবশেষে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরির পর্যবেক্ষণে সামনে এল সেই রহস্যের সম্ভাব্য ব্যাখ্যা। বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্রটির কাছেই রয়েছে একটি অদৃশ্য মহাজাগতিক সঙ্গী। সেটি কৃষ্ণগহ্বর অথবা নিউট্রন স্টার হতে পারে। নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রটির কাছাকাছি এসে তার থেকে পদার্থ টেনে নেওয়ার ফলেই তৈরি হচ্ছে এই উজ্জ্বল বিস্ফোরণের মতো ঘটনা।

AT 2016blu নামে পরিচিত নক্ষত্রটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৩ কোটি আলোকবর্ষ দূরে NGC 4559 নামের সর্পিল ছায়াপথে। সূর্যের তুলনায় এর ভর অন্তত ৩৩ গুণ বেশি বলে অনুমান বিজ্ঞানীদের। গবেষণায় দেখা গিয়েছে, নক্ষত্রটির সঙ্গী প্রতি ১১৩ দিন অন্তর তার কাছাকাছি চলে আসে। এই সময়েই শুরু হয় উজ্জ্বলতার অস্বাভাবিক বৃদ্ধি। ২০১২ থেকে ২০২৬ সালের মধ্যে অন্তত ২৭ বার এমন আলোর ঝলকানি নথিবদ্ধ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

আরও খবর :  হাসিনাকে ফেরাতে ঢাকাকে দুই শর্ত বেঁধে দিল নয়াদিল্লি

AT 2016blu-কে লুমিনাস ব্লু ভ্যারিয়েবল শ্রেণির নক্ষত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধরনের নক্ষত্র অত্যন্ত উত্তপ্ত ও বিশাল আকারের হয় এবং এদের উজ্জ্বলতা বারবার পরিবর্তিত হয়। তবে এই নক্ষত্রের বিশেষত্ব হল, এর বিস্ফোরণসদৃশ উজ্জ্বলতা বৃদ্ধি অনেক বেশি ঘন ঘন ঘটে। দেখতে সুপারনোভার মতো মনে হলেও প্রতিবারই নক্ষত্রটি টিকে যায়। সেই কারণেই এমন ঘটনাকে ‘সুপারনোভা ইমপোস্টার’ বলা হয়।

গবেষণার নেতৃত্বে থাকা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মোজগান আগাখানলুর মতে, দীর্ঘদিন ধরে এই পরিবর্তন পর্যবেক্ষণ করেও বিজ্ঞানীরা কারণ বুঝতে পারছিলেন না। রহস্য সমাধানে প্রয়োজন ছিল উজ্জ্বলতা বৃদ্ধির সময় এক্স-রে পর্যবেক্ষণ। ২০২৬ সালের মার্চে চন্দ্র টেলিস্কোপের তথ্য সেই সুযোগ এনে দেয়। দেখা যায়, ২০০১ ও ২০০২ সালের পর্যবেক্ষণের তুলনায় নক্ষত্রটি থেকে নির্গত এক্স-রের উজ্জ্বলতা অন্তত ১০০ গুণ বেড়েছে।

বিজ্ঞানীদের ব্যাখ্যা, সঙ্গী বস্তুটি কাছে এলে AT 2016blu থেকে বেরিয়ে আসা গ্যাস ও পদার্থ নিজের দিকে টেনে নেয়। সেই পদার্থ প্রচণ্ড গতিতে কৃষ্ণগহ্বর বা নিউট্রন স্টারের দিকে ছুটে যায় এবং উত্তপ্ত হয়ে শক্তিশালী এক্স-রে তৈরি করে। ওই বিকিরণ নক্ষত্রটির চারপাশের ঘন গ্যাসকে উত্তপ্ত করে। ফলে দৃশ্যমান আলোতেও দেখা যায় তীব্র উজ্জ্বলতা। এই প্রথম এ ধরনের বিস্ফোরণপ্রবণ নক্ষত্র থেকে এক্স-রে শনাক্ত করলেন বিজ্ঞানীরা। পাশাপাশি কৃষ্ণগহ্বর বা নিউট্রন স্টারকে সঙ্গী হিসেবে পাওয়া এমন নক্ষত্রেরও প্রথম সন্ধান মিলল।

[youtube-feed feed=1]
Read More

Latest News