HomeScrollচিংড়িহাটার জট কাটতেই মেট্রো চালুর তোড়জোড়, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে বড় আর্জি শুভেন্দুর
Suvendu Adhikari

চিংড়িহাটার জট কাটতেই মেট্রো চালুর তোড়জোড়, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে বড় আর্জি শুভেন্দুর

নিউ গড়িয়া-সেক্টর ফাইভ রুটে ট্রায়াল রান সম্পূর্ণ। এবার যাত্রী পরিষেবা শুরুর অপেক্ষা। প্রধানমন্ত্রীর হাতেই উদ্বোধন চান মুখ্যমন্ত্রী।

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর প্রস্তুতি প্রায় শেষ। চিংড়িহাটায় আটকে থাকা কাজ শেষ হয়েছে। সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও। এবার সাধারণ যাত্রীদের জন্য এই রুট খুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রের দ্রুত পদক্ষেপ চাইছে রাজ্য। বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে সেই আর্জিই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রেলভবনে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, চিংড়িহাটার জট কেটে যাওয়ায় মেট্রো চালুর বিষয়ে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব পরিষেবা শুরু করার পক্ষে সওয়াল করেছে রাজ্য। তাঁর ইচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই এই রুটের উদ্বোধন হোক। তবে উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রীর দফতরই চূড়ান্ত করবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর :  আকভানের মোকাবিলায় ওড়িশায় যুদ্ধকালীন প্রস্তুতি, নিরাপদ আশ্রয়ে লক্ষাধিক মানুষ

শুধু মেট্রো নয়, এদিনের বৈঠকে রাজ্যের একাধিক রেলপ্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার মোট ১৭টি রেলপ্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী। হিলি এবং নন্দীগ্রাম-দেশপ্রাণের মতো দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে। জমি সংক্রান্ত সমস্যার কারণে এতদিন প্রকল্পগুলির অগ্রগতি থমকে ছিল। সেই বাধা কাটায় আগামী বছরের মার্চের মধ্যে ট্রেন চালু করা যায় কি না, তা বিবেচনার জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গঙ্গাসাগর পর্যন্ত রেল যোগাযোগ গড়ে তোলার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে কপিলমুনির আশ্রম পর্যন্ত রেলপথ তৈরির প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই প্রকল্পের জন্য ইতিমধ্যে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত ডিপিআর তৈরি এবং সমীক্ষার কাজ শেষ করার আর্জি জানিয়েছেন তিনি। আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত ট্রেন চালানোর ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, রেলের মাধ্যমে পণ্য পরিবহণ বাড়ানোর উপরেও জোর দিয়েছেন তিনি। প্রস্তাবিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের রেল যোগাযোগ ও পণ্য পরিবহণের পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News