HomeScrollমাঝআকাশে বিপত্তি! ১৯২ যাত্রী নিয়ে পুনেতে জরুরি অবতরণ ইন্ডিগোর গুয়াহাটিগামী বিমানের
Indigo Flight

মাঝআকাশে বিপত্তি! ১৯২ যাত্রী নিয়ে পুনেতে জরুরি অবতরণ ইন্ডিগোর গুয়াহাটিগামী বিমানের

উড়ানের পরেই কাজ করল না বিমানের ল্যান্ডিং গিয়ার। সতর্ক হয়ে পূর্ণাঙ্গ জরুরি অবস্থা ঘোষণা বিমানবন্দরে, অক্ষত অবস্থায় নামল বিমান।

ওয়েব ডেস্ক : গুয়াহাটিগামী ইন্ডিগোর বিমানে (Indigo Flight) যান্ত্রিক ত্রুটি ঘিরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল পুণে বিমানবন্দরে। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা গুটিয়ে নেওয়ার ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ফলে চাকা বেরিয়েই থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান। এরপরই ১৯২ জন যাত্রী ও বিমানকর্মীকে নিয়ে পুণে বিমানবন্দরে ফিরে আসে বিমানটি। শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেন প্রত্যেকেই।

ইন্ডিগোর ৬ই ০৬২৩ নম্বরের বিমানটি (ভিটি-আইজেডই) পুণে থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের পরেই ল্যান্ডিং গিয়ার গুটিয়ে না যাওয়ায় পাইলট এটিসিকে সতর্ক করেন। পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ, ইন্ডিগো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে সমন্বয় শুরু হয়। বিমানবন্দর পরিচালনার দায়িত্বে থাকা ভারতীয় বায়ুসেনা পূর্ণাঙ্গ জরুরি অবস্থা ঘোষণা করে। সেই সঙ্গে চালু করা হয় নির্ধারিত আপৎকালীন নিরাপত্তা ব্যবস্থা।

আরও খবর :  রাজস্থানে রেললাইনে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার দুই, পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল মহিলার!

বিমানটির অবতরণের সময় যাতে কোনও বিপদ না ঘটে, সে জন্য দমকলের ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবাকে প্রস্তুত রাখা হয়। অবতরণের আগে রানওয়ের উপর দিয়ে নিচু দিয়ে একবার উড়ে যায় বিমানটি। এর মাধ্যমে বাইরে থেকে ল্যান্ডিং গিয়ারের অবস্থা পরীক্ষা করা হয়। এরপর সকাল ৯টা ৪ মিনিটে পুণে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।

অবতরণের পর তিনটি দমকলের গাড়ি এবং দু’টি অ্যাম্বুল্যান্স বিমানটিকে ঘিরে নিরাপত্তা দিয়ে বে নম্বর ৭-এ নিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিশ্চিত হওয়ার পর সকাল ৯টা ১০ মিনিটে পূর্ণাঙ্গ জরুরি অবস্থা প্রত্যাহার করে এটিসি। এরপর বিমানের সঙ্গে অ্যারোব্রিজ যুক্ত করা হয় এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ১৯২ জনের মধ্যে কোনও যাত্রী বা বিমানকর্মী আহত হননি। এদিকে, যাত্রীদের গুয়াহাটি পৌঁছে দেওয়ার জন্য বেঙ্গালুরু থেকে বিকল্প বিমান পুনেতে আনার ব্যবস্থা করছিল ইন্ডিগো।

[youtube-feed feed=1]
Read More

Latest News