ওয়েব ডেস্ক : মুম্বইয়ের রাস্তায় একসঙ্গে দেখা গেল ব্রিটেনের রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম (Prince William) ও প্রিন্সেস কেট (Kate) এবং ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। সোমবার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তাঁরা। হ্যামিল্টন স্টুডিওর বাইরে তিনজনকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। পরে মুম্বইয়ের পথঘাট এবং স্থানীয় খাবারের স্বাদও নেন রাজদম্পতি।
ব্রিটেনের ভবিষ্যৎ রাজা ও রানির সঙ্গে ভারতের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বের এই সাক্ষাৎ ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়। বলার্ড এস্টেট এলাকায় শচীনের সঙ্গে হাঁটতে হাঁটতে শহরের পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরের মুম্বইকেও কাছ থেকে দেখেন উইলিয়াম ও কেট। তাঁদের সফরে ছিল স্থানীয় রাস্তার খাবারের স্বাদ নেওয়ার পর্বও।
আরও খবর : দিল্লির পোশাকের দোকানে নৃশংস খুন, সিসিটিভিতে ধরা পড়ল মহিলাকে মারধর ও টেনে নিয়ে যাওয়ার ছবি
তবে মুম্বই সফরে ক্রিকেট যে বিশেষ জায়গা করে নেবে, তা ছিল প্রত্যাশিত। পরে গলি ক্রিকেটে ব্যাট হাতে নামেন প্রিন্সেস কেট। তাঁকে কয়েকটি শট খেলতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত উইলিয়াম ও কেট দু’জনেই উইকেট হারান। মজার ছলে কেট বলেন, পরের বার খেলার আগে তাঁদের আরও অনুশীলন করতে হবে।
২০১৬ সালের এপ্রিলেও ভারত সফরে এসে মুম্বইয়ের স্থানীয় শিশুদের সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলেছিলেন রাজদম্পতি। প্রায় এক দশক পর ফের সেই শহরে ক্রিকেটের সঙ্গে যুক্ত হল তাঁদের সফর, এ বার সঙ্গী শচীন তেন্ডুলকর।
তিন দিনের ভারত সফরে সোমবার মুম্বইয়ে পৌঁছেছেন উইলিয়াম ও কেট। মঙ্গলবার শহরে আয়োজিত আর্থশট প্রাইজের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁদের। পরিবেশবান্ধব উদ্ভাবন ও প্রকল্পকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২০ সালে এই উদ্যোগ শুরু করেন প্রিন্স উইলিয়াম। এ বারের অনুষ্ঠানে পাঁচটি বিজয়ী প্রকল্পকে প্রত্যেককে ১০ লক্ষ পাউন্ড করে দেওয়া হবে। মুম্বই পর্ব শেষে বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁদের।







