দেওয়ালির ছুটিতে বাড়ি ফিরেছিলেন। কিন্তু সেই ছুটি যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার একটি জঙ্গলে নদীর ধার থেকে উদ্ধার হল ইন্ডিগোর এক বিমানসেবিকার রক্তাক্ত দেহ। মৃতার নাম বর্ষা তুরকর। বয়স ৩৫ বছর। প্রথমে ডাকাতির কবলে পড়ে হামলার অভিযোগ উঠলেও, ঘটনার বয়ানে একাধিক অসংগতি খুঁজে পেয়েছে পুলিশ। ফলে মৃত্যুর পিছনে পরিকল্পিত খুনের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেওয়ালি উপলক্ষে ছুটি নিয়ে মধ্যপ্রদেশের বালাঘাট জেলার কিনহি গ্রামে নিজের বাপের বাড়িতে এসেছিলেন বর্ষা। তাঁর আড়াই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। গত ১৪ নভেম্বর শনিবার বিকেল ৪টে নাগাদ কলেজজীবনের বন্ধু রীতেশ অগরওয়ালের সঙ্গে বন্দ্রানী জঙ্গলে নদীর ধারে বেড়াতে যান তিনি।
সন্ধ্যা ৬টা নাগাদ বর্ষার পরিবারের সদস্যদের ফোন করেন রীতেশ। তাঁর দাবি, তাঁরা ডাকাতদের হামলার মুখে পড়েছেন এবং বর্ষার উপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পরিবারের লোকেরা। রক্তাক্ত অবস্থায় বর্ষাকে উদ্ধার করে খাইরলানজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু রীতেশের বক্তব্যে সন্দেহ তৈরি হয় তদন্তকারীদের। তাঁর দাবি, মুখোশধারী ডাকাতেরা হামলা চালিয়েছিল। অথচ বর্ষার পিঠে ধারাল অস্ত্রের চারটি গভীর ক্ষত থাকলেও রীতেশের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। এরপরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে সমর সইদের সঙ্গে বিয়ে হয়েছিল বর্ষার। কর্মসূত্রে তাঁরা পুণেতে থাকতেন। এই ঘটনায় ব্যক্তিগত সম্পর্কের কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। রহস্যমৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।







