Homeলিড‘মুসলিমদের কাছে জমি বিক্রি নয়’, জাতীয় সড়কের ধারে বিতর্কিত বোর্ড! চাপে পড়ে...

‘মুসলিমদের কাছে জমি বিক্রি নয়’, জাতীয় সড়কের ধারে বিতর্কিত বোর্ড! চাপে পড়ে খুলে দিলেন বিজেপি নেতারা

হিন্দুদের জমি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিক্রি করা যাবে না! এমনই বার্তা দিয়ে জাতীয় সড়কের ধারে সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়াল পূর্ব বর্ধমানে। বিতর্কের জেরে বিরোধীদের নিশানায় বিজেপি। যদিও ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের পর বিতর্কিত বোর্ডটি খুলে দেওয়া হয়েছে।

ঘটনাটি আউশগ্রাম ও মঙ্গলকোটের সীমান্তবর্তী গোবিন্দপুর ও রঘুনাথপুর এলাকার। বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কে গুসকরা থেকে বোলপুর যাওয়ার পথে কেশবপুর বাসস্ট্যান্ড থেকে শিববাটি গ্রামের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দু’পাশে জমির চাহিদা যথেষ্ট। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে ওই এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসায়ীরা জমি কিনেছেন। কয়েকটি জমিতে তৈরি হয়েছে বাড়ি ও বাণিজ্যিক ভবনও।

স্থানীয়দের একাংশের অভিযোগ, ভিন এলাকা থেকে আসা মুসলিম ব্যবসায়ীরা তুলনামূলক বেশি দাম দিয়ে জমি কিনছেন। সেই প্রবণতা আটকাতেই শনিবার রাতে কয়েকজন বাসিন্দা রাস্তার ধারে একটি সাইনবোর্ড লাগান। সেখানে স্পষ্ট লেখা ছিল, হিন্দুদের জমি ও জায়গা কোনও মুসলিমকে বিক্রি করা যাবে না। এমনকি আগে কেনা জমিতেও মুসলিমদের বাড়ি বা দোকান তৈরিতে নিষেধাজ্ঞার বার্তা দেওয়া হয়। বোর্ডের নীচে লেখা ছিল, ‘হিন্দু ঐক্য জিন্দাবাদ’।

রবিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। বিরোধীদের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে। যদিও তা অস্বীকার করেছেন আউশগ্রাম ৪ নম্বর মণ্ডল সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায়। তাঁর দাবি, কয়েকজন গ্রামবাসী নিজেদের উদ্যোগে বোর্ডটি লাগিয়েছিলেন। তিনি নিজেও এমন পদক্ষেপ না করার পরামর্শ দিয়েছিলেন।

পুলিশের নজরে আসার পর স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সুদীপ্ত মুখোপাধ্যায় কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বোর্ডটি খুলে দেন। দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখাই তাঁদের লক্ষ্য বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

[youtube-feed feed=1]
Read More

Latest News