ওয়েব ডেস্ক : বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, অধ্যক্ষ হিসাবে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন মনে করেননি কি স্পিকার? যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।
শুনানিতে অধ্যক্ষের হয়ে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ১৫ মে অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করেন। তার আগে সমস্ত বিষয় নির্ধারণ করা সম্ভব ছিল না। নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন অধ্যক্ষ। তাঁর তরফে হলফনামা জমা দেওয়ার আবেদনও জানানো হয়।
আরও খবর : জাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট, ১ ডিসেম্বর পর্যন্ত বহাল নির্দেশ
অধ্যক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ৯ মে তৃণমূল কংগ্রেসের তরফে ৭৮ জন বিধায়কের তালিকা পাঠানো হলে অধ্যক্ষ রেজোলিউশন দেখতে চেয়েছিলেন। পরে ১৯ মে ৬ মে-র স্বাক্ষর করা রেজোলিউশন পাঠানো হয়। এরপর বিরোধী পক্ষের অভিযোগ তাঁর কাছে পৌঁছয় এবং এফআইআর দায়ের হয়।
এই বক্তব্যের পরই বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন, প্রথমবার তৃণমূল কংগ্রেসের তরফে রেজোলিউশন পাঠানো হলে তা খতিয়ে দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ঋতব্রতপন্থী বিধায়কেরা নিজেদের সিদ্ধান্ত জানালে তাঁদের ক্ষেত্রে রেজোলিউশন দেখতে চাওয়া হল না কেন? অধ্যক্ষ হিসাবে সবার বক্তব্য শোনা কি আপনার উচিত মনে হয়না ? প্রশ্ন তোলেন বিচারপতি।
বিচারপতির আরও প্রশ্ন, প্রথম রেজোলিউশন তৃণমূল কংগ্রেস দলের তরফে পাঠানো হয়েছিল। পরের রেজোলিউশন কোন রাজনৈতিক দলের তরফে পাঠানো হয়েছিল? স্পিকার নিজে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করলেন, পুলিশকে জানালেন, বিরোধী দলনেতা নির্বাচন করলেন । এসব করার আগে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে কি অসুবিধা হতো? তা জানতে চান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার।







