HomeScrollমৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জে ভারতের ‘না’, পাশে আমেরিকা-চীন-পাকিস্তান
India Votes Against UNGA Resolution

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জে ভারতের ‘না’, পাশে আমেরিকা-চীন-পাকিস্তান

মৃত্যুদণ্ডের উপর নিষেধাজ্ঞা জারির দাবিতে রাষ্ট্রসংঘে আনা প্রস্তাবের বিরোধিতা করল ভারত। ১৩৩টি দেশ সমর্থন করলেও ভারতের সঙ্গে বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা, চীন-সহ ১৩টি দেশ।

ওয়েব ডেস্ক : মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের (UN) সাধারণ সভায় আনা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিল ভারত (India)। মৃত্যুদণ্ড কার্যকর করার উপর সাময়িক স্থগিতাদেশ বা মোরাটোরিয়াম জারির পক্ষে মেক্সিকোর আনা এই প্রস্তাবের বিরোধিতা করেছে নয়াদিল্লি। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের ১৯৩ সদস্যের সাধারণ সভায় প্রস্তাবটি গৃহীত হয়। ভোটাভুটিতে ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ছিল ৩৩টি দেশ। ভোটদানে বিরত থাকে ১৬টি দেশ।

ভারতের পাশাপাশি প্রস্তাবের বিরোধিতা করেছে আমেরিকা, চীন, পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, বাহরিন, মিশর, কুয়েত, মালদ্বীপ, ওমান এবং কাতার। অর্থাৎ, মৃত্যুদণ্ডের উপর বিশ্বজুড়ে স্থগিতাদেশের আহ্বান জানানো হলেও একাধিক গুরুত্বপূর্ণ দেশ এই উদ্যোগের সঙ্গে সহমত হয়নি।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের ক্রমাগত প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সব দেশের নিজস্ব আইনব্যবস্থা তৈরি এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে শাস্তি নির্ধারণের অধিকারের কথাও স্বীকার করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি দেশকে মৃত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ড সম্পূর্ণ বিলোপের কথা বলা হয়েছে। যেসব দেশে ইতিমধ্যেই এই শাস্তি তুলে দেওয়া হয়েছে, তাদের নতুন করে তা চালু না করার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও খবর :  ভারত ছেড়ে ১৬ বছর! অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব পেলেন পলাতক ললিত মোদি

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উল্লেখযোগ্য বৃদ্ধি উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিতে ধাপে ধাপে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার দাবি জানানো হয়েছে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সে অপরাধ করেছে এমন ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার কথা বলা হয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্তের বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলেও একই বিধিনিষেধ কার্যকর রাখার আহ্বান রয়েছে।

এ ছাড়াও অন্তঃসত্ত্বা মহিলা, মানসিক বা বৌদ্ধিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তি এবং প্রবীণদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রয়োগে বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সংখ্যাও কমানোর পক্ষে মত দিয়েছে প্রস্তাবটি। কোনও অপরাধে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম তুলে দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News