ওয়েব ডেস্ক : শিলিগুড়ি করিডরের কাছে ভারতীয় আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১২ নভেম্বর সিকিমের (Sikkim) আকাশে একটি চীনা সামরিক বিমান প্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ছিল বলে অভিযোগ। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির গতিবিধি শনাক্ত করে ভারতীয় বায়ুসেনা। এরপর সেটিকে চীনের আকাশসীমায় ফিরে যাওয়ার জন্য একাধিকবার সতর্কবার্তা দেওয়া হয় বলে জানা গিয়েছে। কিন্তু সেই সতর্কবার্তার পরেও বিমানটি বেশ কিছুক্ষণ ওই এলাকায় ছিল বলে অভিযোগ।
জানা গিয়েছে, ১২ নভেম্বর সকাল প্রায় ৮টা নাগাদ বিমানটির গতিবিধি নজরে আসে। তবে সেটি ঠিক কোন ধরনের সামরিক বিমান ছিল, কোন পথে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল এবং কখন এলাকা ছেড়েছে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
ঘটনাটি ঘিরে উদ্বেগের অন্যতম কারণ এর ভৌগোলিক অবস্থান। সিকিমের যে এলাকায় বিমানটির গতিবিধির অভিযোগ উঠেছে, তার কাছেই রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির স্থল যোগাযোগের প্রধান সংযোগপথ। করিডরটির সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার। এই কারণেই অঞ্চলটি ‘চিকেনস নেক’ নামেও পরিচিত। জাতীয় নিরাপত্তা ও সামরিক যোগাযোগের ক্ষেত্রে এই এলাকার গুরুত্ব অপরিসীম।
আরও খবর : রাজস্থানে রেললাইনে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার দুই, পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল মহিলার!
সিকিমের সীমান্ত লাগোয়া চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডোকলাম মালভূমির অবস্থানও এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ ৭৩ দিনের অচলাবস্থা তৈরি হয়েছিল। ফলে এই সীমান্তবর্তী অঞ্চলে যে কোনও অস্বাভাবিক সামরিক গতিবিধির উপর নজর রাখে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি।
ভারত-চীন সীমান্তে সামরিক বিমানের গতিবিধি নিয়ে এর আগেও উদ্বেগ তৈরি হয়েছে। ২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের সেনার সংঘাতের সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চীনা সামরিক হেলিকপ্টারের উপস্থিতি নজরে এসেছিল। ২০২২ সালের জুন মাসেও পূর্ব লাদাখে ভারতীয় সেনা অবস্থানের কাছাকাছি চীনা সামরিক বিমানের উড়ান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। এবার সিকিমের আকাশে চীনা বিমানের উপস্থিতি উদ্বেগ তৈরি করেছে।







