ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী শাইনা এনসি (Shaina NC)। বইয়ের পাতা ছেঁড়ার সময় ভুল করে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছবিই ছিঁড়ে ফেলেন তিনি। মুহূর্তের মধ্যে সেই ঘটনা ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। উদ্ধব ঠাকরের শিবসেনা এবং কংগ্রেস, দু’পক্ষই শাইনার বিরুদ্ধে বালাসাহেবকে অপমান করার অভিযোগ তুলেছে।
বুধবার সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ ও বিতরণের প্রতিবাদে পথে নামে শিন্ডে শিবসেনা। দলের নেতাদের অভিযোগ, বইয়ে বীর সাভারকরকে হেয় করা হয়েছে এবং ইতিহাসকে আড়াল করার চেষ্টা হয়েছে। প্রতিবাদে শাইনা এনসি, সঞ্জয় নিরুপম ও আনন্দ দুবে বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন। প্রকাশক হার্পারকলিন্সের কাছে ২০১ ও ৪৪৩ নম্বর পৃষ্ঠার বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবিও জানান তাঁরা। সেই সময়ই বাল ঠাকরের একটি ছবি ছিঁড়ে ফেলেন শাইনা। ছবিতে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের কুশপুতুলে চটি মারছেন বালাসাহেব। সহকর্মী সঞ্জয় নিরুপম ভুলটি ধরিয়ে দিলে ছেঁড়া ছবিটি দ্রুত কাগজের নীচে লুকিয়ে ফেলেন শাইনা। পরে শাইনা দাবি করেন, তিনি বাল ঠাকরের নয়, মণিশঙ্কর আইয়ারের ছবিই ছিঁড়েছিলেন।
আরও খবর : ১৯৮০-র ভোটার তালিকায় সোনিয়ার নাম, জাল নথির অভিযোগে পুলিশ রিপোর্ট চাইল আদালত
ঘটনাটি নিয়ে সরব হন উদ্ধব শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। শিন্ডে শিবিরের নেতাদের ‘নকল সৈনিক’ বলে কটাক্ষ করে তিনি বলেন, যাঁরা বালাসাহেবকে অপমান করছেন, তাঁদের প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। মুম্বই পুরসভাতেও এই ঘটনার প্রতিবাদে সরব হন উদ্ধব শিবিরের কর্পোরেটররা। শাইনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁকে দল থেকে বহিষ্কারের দাবিও ওঠে। প্রাক্তন মেয়র কিশোরী পেডনেকর বলেন, বালাসাহেবের অপমান কেউ মেনে নেবেন না। শিন্ডে শিবিরের বালাসাহেব-প্রেমকেও ‘নকল’ বলে কটাক্ষ করেন তিনি। মেয়র ঋতু তাওড়ের দফতরের বাইরেও বিক্ষোভ দেখান উদ্ধব শিবসেনার কর্পোরেটররা।
পাল্টা জবাব দিয়েছেন শিন্ডে শিবসেনার গোষ্ঠীনেতা অমেয় ঘোলে। তাঁর কটাক্ষ, উদ্ধব শিবিরের কাছে সোনিয়া গান্ধীর বই এখন ‘ভগবদ্গীতা’ হয়ে উঠেছে। তাঁর দাবি, ছেঁড়া ছবিটি মণিশঙ্কর আইয়ারেরই ছিল। বিতর্কের মধ্যে শাইনা এনসিকে তলব করেন শিবসেনা প্রধান তথা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বিধানসভায় গিয়ে শিন্ডের সঙ্গে দেখা করেন তিনি। অন্যদিকে, কংগ্রেস নেতা নানা পাটোলে ঘটনায় জড়িত মুখপাত্রদের বিরুদ্ধে পুলিশি মামলা দায়েরের দাবি জানিয়েছেন। মুম্বই কংগ্রেস সভাপতি বর্ষা গায়কোয়াড়ও শিবসেনার সমালোচনা করেছেন।







