কলকাতা: কুম্ভমেলার আদলে সাজিয়ে তোলা হবে গঙ্গাসাগর মেলা! আগামী বছরের সাগরমেলাকে আরও বড় ও সুসংগঠিত করে তুলতে পরিকাঠামো সম্প্রসারণে বিশেষ জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। মেলার আয়তন বাড়ানোর পাশাপাশি যাত্রীনিবাস-সহ বিভিন্ন পরিষেবার উন্নয়ন এবং পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে।
আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরমেলা অফিসে শুরু হয়েছে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দফতরের সচিব ও পদস্থ আধিকারিকরা। বৈঠকে যোগ দিয়েছেন জেলাশাসক অভিষেক তেওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররাও।
প্রশাসনিক সূত্রে খবর, এবার গঙ্গাসাগর মেলার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে পুণ্যার্থীদের থাকার জন্য যাত্রীনিবাস এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কুম্ভমেলার মতো বৃহৎ আয়োজনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাগরমেলার ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে চাইছে প্রশাসন।
এবার বিদেশ থেকেও বহু পুণ্যার্থীর আগমনের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে আকাশপথ ও জলপথে যাতায়াতের জন্য বিশেষ যানবাহনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে ভিড় সামলানোর পাশাপাশি পুণ্যার্থীদের যাতায়াত আরও মসৃণ করা যায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
এছাড়া জানুয়ারির শুরু থেকেই বিভিন্ন দফতরের আধিকারিকদের মেলার দায়িত্বে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, শেষ মুহূর্তের প্রস্তুতির বদলে অনেক আগে থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু করতে চাইছে রাজ্য।
সব মিলিয়ে, আগামী গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের বৃহৎ ধর্মীয় ও পর্যটন আয়োজন হিসেবে তুলে ধরতে পরিকাঠামো, যোগাযোগ এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা করছে রাজ্য সরকার।






