ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) এখনও সক্রিয় অন্তত ৬৫ জন বিদেশি জঙ্গি (Terrorists)। গোয়েন্দা সূত্রের দাবি, তাঁদের মধ্যে প্রায় ৫৫ জন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত। বাকি প্রায় ১০ জন ছোট সংগঠনের সদস্য হলেও তাদের পিছনে বড় জঙ্গি গোষ্ঠীর মদত রয়েছে বলে সন্দেহ। পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে উপত্যকায় হামলা চালানো এবং জঙ্গি নেটওয়ার্ক ফের সক্রিয় করার চেষ্টা চলছে বলেও আশঙ্কা নিরাপত্তা সংস্থাগুলির।
বিদেশি জঙ্গিদের গতিবিধির উপর নজরদারি বাড়িয়েছে নিরাপত্তাবাহিনী। সন্দেহভাজন স্থানীয় সহযোগীদেরও চিহ্নিত করা হচ্ছে। তাঁদের মধ্যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের পরিকাঠামোগত সহায়তা দেওয়া ব্যক্তিরাও রয়েছেন। তাঁদের গতিবিধি এবং যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখছেন গোয়েন্দারা। দুর্গম এলাকায় জঙ্গিদের খুঁজে বের করতে সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চলছে।
এই অভিযানের অংশ হিসেবে ১০ হাজার ফুটের বেশি উচ্চতাতেও অস্থায়ী অপারেটিং বেস তৈরি করা হয়েছে। গোটা জম্মু-কাশ্মীরে এমন ৮০টিরও বেশি অস্থায়ী ঘাঁটি গড়ে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। পহেলগাঁও হামলার পর এই কৌশল নেওয়া হয়। ২০২৫ সালের জুলাইয়ে শ্রীনগরের ফকির গুজরি এলাকায় প্রথম ঘাঁটি তৈরি হয়েছিল। পরে সংবেদনশীল পাহাড়ি অঞ্চলগুলিতেও একই ব্যবস্থা চালু করা হয়। লক্ষ্য, দুর্গম এলাকায় নিরাপত্তাবাহিনীর স্থায়ী উপস্থিতি বজায় রাখা এবং জঙ্গিদের লুকিয়ে থাকার সুযোগ কমানো।
তদন্তকারীদের আশঙ্কা, জঙ্গিরা ঘন জঙ্গল, পাহাড়ের গুহা এবং মেষপালকদের ব্যবহৃত মাটির ও পাথরের তৈরি অস্থায়ী আশ্রয়স্থল ‘ধোক’-এ আত্মগোপন করে রয়েছে। প্রচলিত যোগাযোগমাধ্যম এড়িয়ে চলায় তাদের খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। অন্যদিকে, সাম্প্রতিক অভিযানে লতিফ নামে এক জঙ্গির মৃত্যুর পর উপত্যকায় স্থানীয় জঙ্গির সংখ্যা শূন্যে নেমেছে বলে দাবি নিরাপত্তা সংস্থাগুলির।







