সন্তানরা মা-বাবার সম্পত্তি নয়, এমনকি তাঁদের ইচ্ছেমতো পরিচালিত করার খেলনাও নয়। সন্তানের অভিভাবকত্ব বা কাস্টডি সংক্রান্ত একটি মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, অভিভাবকদের আইনি অধিকারের চেয়েও সন্তানের ভালো থাকা এবং মানসিক স্বাচ্ছন্দ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তার নিজের ইচ্ছা ও ভাল থাকার বিষয়টিকেই অগ্রাধিকার দিতে হবে।
এই মামলাটি মাদ্রাজের এক দম্পতিকে ঘিরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ের পাঁচ বছর পর ২০১৪ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন ওই দম্পতি। সেই সময় তাঁদের দুই পুত্রসন্তানের বয়স ছিল যথাক্রমে দুই ও চার বছর। বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকেই দুই সন্তান মায়ের কাছে এবং দাদু-দিদিমার তত্ত্বাবধানে বড় হয়ে ওঠে।
কিন্তু সন্তানদের কাস্টডি নিয়ে আইনি লড়াই শুরু হয়। প্রথমে ফ্যামিলি কোর্ট দুই সন্তানের দায়িত্ব বাবার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। ২০২৪ সালে মাদ্রাজ হাইকোর্টও নিম্ন আদালতের সেই রায় বহাল রাখে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্তানদের মা।
মামলাটির শুনানির সময় দুই সন্তানের সঙ্গে সরাসরি কথা বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁদের সঙ্গে কথা বলে আদালত জানতে পারে, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কার্যত কোনও সম্পর্ক না থাকায় তারা মায়ের কাছেই থাকতে চায়। সন্তানদের এই ইচ্ছাকে বিশেষ গুরুত্ব দেন বিচারপতিরা।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কাস্টডির মতো সংবেদনশীল বিষয়ে শুধুমাত্র বাবা-মায়ের আইনি অধিকার বিবেচনা করলেই চলবে না। শিশুদের মানসিক অবস্থা, নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং ভবিষ্যৎও সমান গুরুত্বপূর্ণ। অভিভাবকত্বের সিদ্ধান্তে সন্তানের প্রকৃত কল্যাণই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।
এই মামলায় শিশুদের নিজেদের মতামতকে গুরুত্ব দিয়ে মাদ্রাজ হাইকোর্টের আগের সিদ্ধান্ত খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ফলে ফের আলোচনায় উঠে এল সন্তানদের কাস্টডি নির্ধারণে শিশুর ইচ্ছা ও সার্বিক কল্যাণের গুরুত্ব।







