HomeBig newsআসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় বিরোধী ঐক্য ফেরানোর উদ্যোগ, চেন্নাই-মুম্বই সফরে রাহুলরা
INDIA Bloc

আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় বিরোধী ঐক্য ফেরানোর উদ্যোগ, চেন্নাই-মুম্বই সফরে রাহুলরা

কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় INDIA জোটকে একজোট করতে উদ্যোগী কংগ্রেস নেতৃত্ব। স্ট্যালিনের উদ্দেশে বিশেষ বার্তা রাহুলের। বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের নিয়ে চেন্নাই ও মুম্বই সফরে কংগ্রেস নেতৃত্ব।

ওয়েব ডেস্ক : কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল (Delimitation Bill) ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা বাড়ল। বিরোধী ঐক্য মজবুত করতে রবিবার চেন্নাই ও মুম্বই সফরে যাচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের (India Bloc) একাধিক নেতা। প্রথমে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে এবং পরে এনসিপি-এসপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে তাঁদের বৈঠকের কথা রয়েছে। দিল্লি থেকে দুটি বিমানে রওনা দিয়েছেন নেতারা। প্রথম বিমানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিসা ভারতী, কপিল সিব্বল এবং এম এ বেবি-সহ একাধিক নেতা। দ্বিতীয় বিমানে রয়েছেন রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, ডিকে শিবকুমার এবং রেবন্ত রেড্ডি।

চেন্নাই যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি জানিয়েছেন, INDIA জোটের শীর্ষ নেতারা স্ট্যালিনের সঙ্গে দেখা করে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করার আবেদন জানাবেন। রাহুলের দাবি, লোকসভার আসনসংখ্যা ৮৫০-এ বাড়ানো হলে দেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে। তাঁর অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে বিজেপি-আরএসএস নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর সুযোগ পাবে। একইসঙ্গে স্ট্যালিনের প্রশংসা করে রাহুল বলেন, তামিল স্বার্থবিরোধী শক্তির বিরুদ্ধে তিনি বরাবর দৃঢ় অবস্থান নিয়েছেন। দেশের স্বার্থ, তামিলনাড়ুর স্বার্থ এবং সংবিধান রক্ষায় একসঙ্গে এই বিলের বিরোধিতা করা প্রয়োজন বলেও বার্তা দিয়েছেন তিনি।

আরও খবর :  দেশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আসন বাড়ানোর পক্ষে সওয়াল মেঘওয়ালের, প্রকাশ করলেন নতুন সংসদীয় মানচিত্র

তবে ডিএমকে এবং এনসিপি-এসপির অবস্থান নিয়ে বিরোধী শিবিরে অস্বস্তি রয়েছে। ২২ জন সাংসদ থাকা ডিএমকে রাজ্যগুলিতে আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে সমর্থনের ইঙ্গিত দিলেও তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখার দাবি জানিয়েছে। অন্যদিকে, আট সাংসদের এনসিপি-এসপিও সংশোধিত প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এর আগে খাড়্গের সঙ্গে দেখা করে কানিমোঝি জানিয়েছেন, বিল নিয়ে দলের অবস্থান স্ট্যালিনই চূড়ান্ত করেছেন। চেন্নাইয়ে বৈঠকের পর মুম্বইয়ে হাসপাতালে চিকিৎসাধীন শরদ পওয়ারের সঙ্গে দেখা করার কথা বিরোধী নেতাদের। উদ্ধব ঠাকরেও সেখানে যোগ দিতে পারেন।

শনিবার INDIA জোটের বৈঠকে বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিরোধীদের দাবি, এই প্রস্তাব তফসিলি জাতি ও জনজাতির প্রতিনিধিত্বের উপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস এবং এনসিপি-এসপির সমর্থনের ইঙ্গিতের জেরে লোকসভায় এনডিএর সম্ভাব্য সমর্থন প্রায় ৩৫৪-এ পৌঁছতে পারে। তবে ৫৪০ জন সদস্য ভোট দিলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬০টি ভোট। সংসদের বিশেষ অধিবেশনের আগে স্ট্যালিন ও পওয়ারের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিরোধী শিবিরের মতপার্থক্য কতটা মেটাতে পারে কংগ্রেস, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News