ওয়েব ডেস্ক : পর্যটন ও যাতায়াত ব্যবস্থায় নতুন সংযোগ গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর এই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, প্রস্তাবিত রোপওয়ের জন্য ইতিমধ্যেই ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই ধর্মীয় স্থানের মধ্যে যাতায়াতের বিকল্প ব্যবস্থা তৈরি হতে পারে।
দক্ষিণেশ্বর ও বেলুড় মঠে সারা বছরই ভক্তদের আনাগোনা থাকে। বর্তমানে দুই জায়গার মধ্যে সড়কপথে গাড়ি বা ট্যাক্সিতে যাতায়াত করা যায়। জিটি রোড ও বালি ব্রিজ হয়ে পৌঁছনোর পাশাপাশি গঙ্গাপথে ফেরি এবং লঞ্চ পরিষেবাও রয়েছে। এবার সেই ব্যবস্থার সঙ্গে আকাশপথে রোপওয়ে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার।
আরও খবর : বাংলার সড়ক পরিকাঠামোয় ২৭ হাজার কোটির বরাদ্দ! কলকাতা থেকে শিলিগুড়ি, একাধিক বড় প্রকল্পের ঘোষণা
শুধু কলকাতা সংলগ্ন এলাকাই নয়, পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলিতেও রোপওয়ে পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দার্জিলিং ও কার্শিয়াংয়ে এই প্রকল্পের জন্য বিস্তারিত প্রকল্প তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটনের মরশুমে পাহাড়ি রাস্তায় যানবাহনের চাপ বাড়ে। হিলকার্ট রোড-সহ বিভিন্ন পথে দীর্ঘ যানজট তৈরি হয়। বর্ষাকালে ধস নামলে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। রোপওয়ে চালু হলে যাতায়াতের বিকল্প তৈরি হওয়ার পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
এদিকে দার্জিলিংয়ের যানজট পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা পুলিশের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল চার দিনের সমীক্ষা শুরু করেছে। দলটিতে রয়েছেন এক ডেপুটি কমিশনার, তিন ইন্সপেক্টর এবং এক সার্জেন্ট। দার্জিলিংয়ের পাশাপাশি কার্শিয়াং, সোনাদা ও জোড়বাংলোর যানজটপ্রবণ এলাকাও পরিদর্শন করবেন তাঁরা। যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থার উন্নতি এবং সড়ক নিরাপত্তা জোরদার করার বিষয়ে সুপারিশ তৈরি করাই এই সমীক্ষার লক্ষ্য। দার্জিলিং পুলিশের অনুরোধেই কলকাতা ট্রাফিক পুলিশের এই বিশেষজ্ঞ দলকে পাঠানো হয়েছে।







