HomeScrollমহিলা আইএএস আধিকারিককে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ, গ্রেপ্তার বিজয়ের দলের বিধায়ক
TVK MLA

মহিলা আইএএস আধিকারিককে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ, গ্রেপ্তার বিজয়ের দলের বিধায়ক

ওয়েব ডেস্ক: মহিলা আইএএস আধিকারিককে হোয়াটসঅ্যাপে অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হলেন তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়ের দল টিভিকের বিধায়ক সি অরুল ভিগনেশ। শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কাল্লাকুরিচির জেলাশাসক জে ই পদ্মজার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 

অভিযোগ, গত জুলাই মাস থেকে জেলাশাসক পদ্মজাকে লাগাতার হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠাচ্ছিলেন বিধায়ক। শুধু তাই নয়, প্রকাশ্য অনুষ্ঠানে ওই আধিকারিকের পোশাক ও চেহারা নিয়েও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি অবাঞ্ছিত ঘনিষ্ঠতার চেষ্টা এবং মদ্যপ অবস্থায় জেলাশাসকের সরকারি বাসভবনে প্রবেশের চেষ্টার অভিযোগও দায়ের হয়েছে।

 

এই ঘটনায় গত ২৩ নভেম্বর কাল্লাকুরিচি মহিলা থানায় মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৭৫, ৭৮, ৭৯ ও ১৩২ নম্বর ধারা এবং তামিলনাড়ুর মহিলাদের হেনস্থা প্রতিরোধ আইনের অধীনে মোট পাঁচটি ধারায় মামলা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

 

মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তিরুপুরের পুলিশ সুপার সৃষ্টী সিংকে। তদন্তের তদারকি করছেন আইজি এন কামিনি। ইতিমধ্যেই জেলাশাসকের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। পাশাপাশি, ৬০ দিনের মধ্যে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য চার সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটিও গঠন করেছে রাজ্য সরকার।

 

এই ঘটনা প্রথম প্রকাশ্যে আনেন ডিএমকে সাংসদ কানিমোঝি। এরপরই অভিযুক্ত বিধায়কের গ্রেপ্তারের দাবিতে সরব হয় ডিএমকে, এআইএডিএমকে এবং বিজেপির মতো বিরোধী দলগুলি। প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও জেলাশাসকের ন্যায়বিচারের দাবিতে সরব হন।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অরুল ভিগনেশ। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর।

[youtube-feed feed=1]
Read More

Latest News