ওয়েব ডেস্ক : পুলিশি হেফাজতে স্বামীর প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন স্ত্রী সুস্মিতা ঘোষ। তাঁর স্বামী সুমিত রায়কে (Sumit Roy) এনকাউন্টারের নামে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগটি খতিয়ে দেখে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিককে নোটিস পাঠিয়েছে কমিশন। একইসঙ্গে সুমিতের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ সংক্রান্ত রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
কমিশনে জমা দেওয়া আবেদনে সুস্মিতার দাবি, নতুন কোনও মামলায় সুমিতকে আবার পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে। সেই সুযোগে সাজানো এনকাউন্টারের মাধ্যমে তাঁকে প্রাণে মেরে ফেলার আশঙ্কা রয়েছে। পুলিশি হেফাজতে তাঁর স্বামী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। সুমিতের শারীরিক অসুস্থতার প্রসঙ্গ তুলে তাঁর চিকিৎসা ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন স্ত্রী। তিনি জানিয়েছেন, সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। ঘুমের সময় বিশেষ যন্ত্র ব্যবহার করা তাঁর প্রয়োজন। কিন্তু হেফাজতে সেই সুবিধা দেওয়া হচ্ছে না বলে দাবি সুস্মিতার।
আরও খবর : জ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্টের জের, পুলিশের তলবে ভবানীপুর থানায় অভিষেক
অভিযোগকে গুরুত্ব দিয়ে ডায়মন্ড হারবার পুলিশ সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস দিয়েছে মানবাধিকার কমিশন। তদন্তে আইন ও মানবাধিকার মেনে চলা, কোনও ধরনের অমানবিক আচরণ না করা এবং সুমিতের শারীরিক অবস্থার দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।
প্রসঙ্গত, জমি কেলেঙ্কারির মামলায় আগেও পুলিশি হেফাজতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এবার এক মৎস্য ব্যবসায়ীকে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।







