ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের প্রশাসনিক মানচিত্রে আসতে চলেছে বড় পরিবর্তন। তৈরি হতে চলেছে নতুন সুন্দরবন (Sundarbans) জেলা। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার মোট ১৯টি ব্লক নিয়ে নতুন জেলা গঠনের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। প্রস্তাবিত জেলা সদরের ঠিকানা হতে চলেছে কাকদ্বীপ। সেখানে জেলাশাসকের দফতর, জেলা পরিষদ-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক অফিস তৈরির প্রস্তুতিও চলছে। নতুন জেলা গঠনের জন্য ইতিমধ্যেই জেলাশাসকের কাছে জমি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী দীপঙ্কর জানা।
প্রস্তাবিত সুন্দরবন জেলার আওতায় দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী, ক্যানিং, নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও মথুরাপুরের মতো ব্লক থাকবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাও এই জেলার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরেই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দিতে নানা সমস্যা তৈরি হয়। আলিপুর থেকে বিস্তীর্ণ এলাকার উপর নজরদারি চালানোর পরিবর্তে পৃথক জেলা তৈরি হলে স্থানীয় প্রশাসনিক কাজ আরও দ্রুত করা সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকরা।
আরও খবর : নিম্নচাপ কাটতেই নামল পারদ! তিন দিনে ৩ ডিগ্রি কমল তাপমাত্রা
সুন্দরবনের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক প্রতিকূলতা এই অঞ্চলের অন্যতম বড় চ্যালেঞ্জ। নদীভাঙন, সমুদ্রের নোনা জলের অনুপ্রবেশ, ঘূর্ণিঝড়, বাঁধ ভেঙে প্লাবন এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি—প্রতিনিয়ত এই সমস্যার মুখোমুখি হতে হয় স্থানীয় বাসিন্দাদের। নতুন জেলা তৈরি হলে নির্দিষ্ট ব্লক ধরে উন্নয়নমূলক কাজ এবং বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে বলে মনে করছে প্রশাসন। কাকদ্বীপে জেলা সদর হলে প্রতিবছর আয়োজিত গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতির উপর নজরদারিও আরও দ্রুত করা সম্ভব হবে।
নতুন জেলার পরিকাঠামো গড়ে তুলতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী দীপঙ্কর জানা। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক জমি হস্তান্তর করলেই পরবর্তী কাজ শুরু হবে। একই চত্বরে ডিএম অফিস, জেলা পরিষদ অফিস-সহ প্রয়োজনীয় সরকারি দফতর তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উচ্চক্ষমতাসম্পন্ন কন্ট্রোল রুম এবং রাজ্য পুলিশের বিশেষ এমারজেন্সি সেল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন জেলা কার্যকর হলে সল্টলেকে সুন্দরবন উন্নয়ন দফতরের বর্তমান অফিসটি শাখা অফিস হিসেবে কাজ করবে।






