ওয়েব ডেস্ক : সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। যোগ্য উপভোক্তাদের কাছেই সরকারি সহায়তা পৌঁছনো নিশ্চিত করতে শুক্রবার নবান্নে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে অযোগ্য প্রাপকদের টাকা ফেরানোর জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আবাস যোজনার অনিয়মের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১২ হাজার অযোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। তাঁদের মধ্যে মাত্র এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। এখনও ১১ হাজার জনের টাকা ফেরত দেওয়া বাকি। অন্যদিকে, প্রায় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে বলে জানান তিনি। কীভাবে তাঁদের নাম তালিকায় উঠল এবং কারা তাঁদের নাম সুপারিশ করেছিলেন, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের জন্য সিআইডির বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের কথাও জানিয়েছেন তিনি।
আরও খবর : নিম্নচাপ কাটতেই নামল পারদ! তিন দিনে ৩ ডিগ্রি কমল তাপমাত্রা
এদিন আরও ৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী আবাস যোজনা-র মোট ৪ হাজার ২০১ কোটি টাকা পাঠানো হয়েছে। এর ফলে আবাস যোজনার মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ২০ হাজার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজনৈতিক পরিচয়, ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে কাউকে বেছে প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে না। যাঁদের বাড়ির কাজ মাঝপথে আটকে রয়েছে, তাঁদেরও সহায়তা দেওয়া হয়েছে।পাশাপাশি বাড়ি তৈরির জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা এবং শৌচালয় নির্মাণে স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে ১২ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে। বালি কেনার খরচ যাতে প্রতি উপভোক্তার ক্ষেত্রে ১২০০ টাকার বেশি না হয়, সে বিষয়েও জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।







