ওয়েব ডেস্ক : বাজারে মূল্যবৃদ্ধির চাপ এবার সরাসরি পড়তে শুরু করেছে প্রযুক্তি পণ্যের উপরেও। নতুন স্মার্টফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার কেনার পরিকল্পনা থাকলে পকেটের হিসাব নতুন করে করতে হতে পারে। অক্টোবরে ভারতে ডিজিটাল পণ্যের মূল্যবৃদ্ধির (Digital Inflation) হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোবাইল ফোনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার সেপ্টেম্বরে ৫.৮৩ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে হয়েছে ৮.৬৫ শতাংশ। একইভাবে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের ক্ষেত্রে এই হার ৬.৪৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮.৬১ শতাংশে।
চলতি বছরের শুরুতে ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। জানুয়ারিতে মোবাইল ফোনের দাম আগের বছরের তুলনায় ২.৩১ শতাংশ কমেছিল। কম্পিউটার ও ল্যাপটপের ক্ষেত্রেও ১.১২ শতাংশ মূল্যহ্রাস দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মেমরি চিপের উৎপাদন খরচ বৃদ্ধি এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে মেমরি চিপের দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে ইলেকট্রনিক পণ্যের বাজারে।
আরও খবর : চ্যাট না খুলেই পড়তে পারবেন WhatsApp-এর মেসেজ! অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ফিচার
শুধু মোবাইল ও ল্যাপটপ নয়, অন্যান্য ডিজিটাল সামগ্রীর দামও বেড়েছে। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে পেন ড্রাইভ এবং এক্সটার্নাল হার্ড ডিস্কের ক্ষেত্রে। সেপ্টেম্বরে এই হার ১৯.২৬ শতাংশ থাকলেও অক্টোবরে বেড়ে হয়েছে ২২.০৩ শতাংশ। টেলিভিশনের মূল্যবৃদ্ধির হার ০.৭৬ শতাংশ থেকে বেড়ে ৪.৯৪ শতাংশ হয়েছে। হেডফোন, ইয়ারফোন এবং ব্লুটুথ ডিভাইসের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধি ১.৭১ শতাংশ থেকে বেড়ে ২.৬৭ শতাংশে পৌঁছেছে। তবে ইন্টারনেট পরিষেবার খরচে মূল্যবৃদ্ধি তুলনামূলক কম, মাত্র ০.৫০ শতাংশ। অনলাইন স্ট্রিমিং পরিষেবার ক্ষেত্রে এই হার ২.০৩ শতাংশেই অপরিবর্তিত রয়েছে।
এদিকে দেশের সামগ্রিক মূল্যবৃদ্ধির ছবিও উদ্বেগ বাড়াচ্ছে। খতিয়ে দেখা ৩৫৮টি পণ্যের মধ্যে অক্টোবরে ২৯৬টির মূল্যবৃদ্ধির হার বেড়েছে। ৯৫টি পণ্যের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি, সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৮০। পেঁয়াজের মূল্যবৃদ্ধি পৌঁছেছে ১১৬.২২ শতাংশে এবং রসুনের ক্ষেত্রে তা ৬০.৭৪ শতাংশ। বিমান ভাড়ার মূল্যবৃদ্ধিও ২৯.৯০ শতাংশ থেকে বেড়ে ৪৩.২৩ শতাংশ হয়েছে। সব মিলিয়ে অক্টোবরে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.০৯ শতাংশে পৌঁছেছে, যা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমাকেও ছাড়িয়ে গিয়েছে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারও বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। ফলে দৈনন্দিন খরচের পাশাপাশি প্রযুক্তি পণ্য কেনার ক্ষেত্রেও বাড়তি চাপের মুখে পড়ছেন সাধারণ মানুষ।







