ওয়েব ডেস্ক : অবশেষে স্বস্তি ফিরল মাইক্রোসফটের (Microsoft) পরিষেবা ব্যবহারকারীদের মধ্যে। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিপর্যয়ের পর সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে মাইক্রোসফট ৩৬৫-এর পরিষেবা। আউটলুক, টিমস এবং কোপাইলটের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এর জেরে বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি দফতর, হাসপাতাল এবং বিমান সংস্থার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়েছিল।
গত ১২ নভেম্বর থেকে সমস্যার সূত্রপাত। প্রথমে আমেরিকার বিভিন্ন অঞ্চলে ব্যবহারকারীরা আউটলুকের ইমেল পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। পরে বিশ্বের অন্যান্য প্রান্তেও একই সমস্যা ছড়িয়ে পড়ে। অন্তত ৭৪টি দেশ ও অঞ্চলে এই বিপর্যয়ের প্রভাব পড়ে। কোথাও ইমেল পাঠানো যাচ্ছিল না, কোথাও আবার অনলাইন বৈঠক এবং ক্যালেন্ডার ব্যবহারে সমস্যা দেখা দেয়।
আরও খবর : ১৮ ঘণ্টার বিপর্যয়ের পর ধীরে ধীরে ফিরছে মাইক্রোসফটের পরিষেবা!
কেন এমন বিপর্যয় ঘটল, তার ব্যাখ্যাও দিয়েছে মাইক্রোসফট। সংস্থার দাবি, আগের একটি নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির কাজের সময় তৈরি হওয়া প্রযুক্তিগত ত্রুটি সাম্প্রতিক নেটওয়ার্ক পরিবর্তনের পর সামনে আসে। এর ফলে একাধিক সার্ভার অপ্রত্যাশিতভাবে কাজ করা বন্ধ করে দেয়। বাকি সার্ভারগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে সময় লাগে। তবে এই ঘটনার সঙ্গে সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে সংস্থা।
পরিষেবা ফেরাতে ধাপে ধাপে কাজ করেছে মাইক্রোসফটের প্রযুক্তিবিদরা। একসঙ্গে সব সার্ভার চালু না করে প্রতিটি পর্যায়ে স্থিতিশীলতা যাচাই করা হয়েছে। সংস্থার তরফে গ্রাহকদের কাছে এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে মাইক্রোসফট।






