ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লির রামলীলা ময়দানে (Ramlila Ground) রাজনৈতিক সভা, বিক্ষোভ ও জনসমাবেশ নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে দিল্লি পুলিশ (Delhi Police)। প্রস্তাবিত নির্দেশিকায় কোনও কর্মসূচিতে সর্বাধিক ৫০ হাজার মানুষের জমায়েতের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সভা বা বিক্ষোভের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা রাখার প্রস্তাব রয়েছে। তবে এই নিয়ম এখনও চূড়ান্ত হয়নি। খসড়া নির্দেশিকা অনুমোদনের জন্য দিল্লি পুলিশের সদর দফতরে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, রামলীলা ময়দানে কোনও কর্মসূচির আয়োজন করতে হলে প্রথমে দিল্লি পুরনিগমের কাছ থেকে মাঠ ব্যবহারের ছাড়পত্র নিতে হবে। সেখানে নির্দিষ্ট দিনে মাঠ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত হওয়ার পর পুলিশের কাছে অনুমতির আবেদন জানাতে পারবেন আয়োজকরা। সাধারণত কর্মসূচির অন্তত ১০ দিন আগে আবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
আরও খবর : শুধু নিত্যপণ্য নয়, দাম বাড়ছে মোবাইল-ল্যাপটপেরও! আরও চড়ল ডিজিটাল মুদ্রাস্ফীতি
সমাবেশের দায়িত্বও মূলত আয়োজকদের উপরেই থাকবে। ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় এবং অংশগ্রহণকারীদের জন্য পার্কিং ও যাতায়াতের ব্যবস্থা করতে হবে তাঁদের। রাস্তা কিংবা জরুরি পরিষেবার প্রবেশপথ আটকে রাখা যাবে না। মাঠে পানীয় জল, চিকিৎসার ব্যবস্থা, শৌচাগার এবং বর্জ্য অপসারণের পর্যাপ্ত বন্দোবস্ত রাখাও বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আনার কথা ভাবছে পুলিশ। আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, ধারালো অস্ত্র-সহ নিষিদ্ধ সামগ্রী নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। রামলীলা ময়দানের আশপাশে ড্রোন ওড়ানোর ক্ষেত্রেও আগাম অনুমতি প্রয়োজন হবে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর জারি করা নির্দেশে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে বাতিল করে রামলীলা ময়দান, বুরাড়ি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে বিকল্প প্রতিবাদস্থল হিসেবে চিহ্নিত করেছিল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন এসওপি অনুমোদিত হলে তবেই তা কার্যকর হবে।






