HomeScrollচ্যাট না খুলেই পড়তে পারবেন WhatsApp-এর মেসেজ! অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে নতুন...
WhatsApp

চ্যাট না খুলেই পড়তে পারবেন WhatsApp-এর মেসেজ! অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ফিচার

দীর্ঘক্ষণ চ্যাটে চাপ দিলেই দেখা যাবে সাম্প্রতিক মেসেজ। নীল টিক না পাঠিয়েই বার্তা পড়ার পাশাপাশি মিলবে চ্যাট পরিচালনার একাধিক সুবিধা।

ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে কাজ করছে মেটা। এবার কোনও ব্যক্তির চ্যাট না খুলেই তাঁর পাঠানো সাম্প্রতিক মেসেজ দেখে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমনই একটি নতুন ফিচার তৈরির কাজ চলছে। এর ফলে মেসেজ পড়তে গিয়ে সরাসরি কথোপকথনে ঢোকার প্রয়োজন হবে না। বিশেষ করে যাঁরা মেসেজ পড়লেও সঙ্গে সঙ্গে উত্তর দিতে চান না, তাঁদের জন্য এই সুবিধা বেশ কার্যকর হতে পারে। আইফোন ব্যবহারকারীরা আগে থেকেই একই ধরনের সুবিধা পেয়ে থাকলেও অ্যান্ড্রয়েডে এখনও ফিচারটি চালু হয়নি।

কীভাবে কাজ করবে নতুন ফিচার?

নতুন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপের চ্যাট তালিকায় থাকা কোনও নির্দিষ্ট কথোপকথনের উপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলেই একটি প্রিভিউ উইন্ডো খুলবে। সেখানে সাম্প্রতিক মেসেজগুলি দেখা যাবে। শুধু তাই নয়, ওই ছোট উইন্ডোর মধ্যেই একাধিক বার্তা স্ক্রল করে পড়ার সুযোগ থাকবে। ফলে মূল চ্যাটে প্রবেশ না করেই প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া সম্ভব হবে।

আরও খবর : ক্রিপ্টো লেনদেনের প্ল্যাটফর্ম থেকে ৬৩০ কোটি ডলার গায়েব!

নীল টিক ছাড়াই পড়া যাবে মেসেজ?

এই ফিচারের অন্যতম আকর্ষণ হতে চলেছে রিড রিসিপ্ট সংক্রান্ত সুবিধা। চ্যাট সরাসরি না খোলার কারণে প্রিভিউ থেকে পড়া মেসেজের জন্য প্রেরকের কাছে নীল টিক পৌঁছবে না বলে জানা যাচ্ছে। অর্থাৎ মেসেজ পড়লেও অপর প্রান্তের ব্যক্তি তাৎক্ষণিকভাবে পড়ার বিষয়টি জানতে পারবেন না। পাশাপাশি চ্যাটের অপঠিত অবস্থাও বজায় থাকবে।

এক জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে চ্যাট

শুধু মেসেজ পড়া নয়, প্রিভিউ উইন্ডো থেকেই চ্যাট পরিচালনার বিভিন্ন বিকল্প পাওয়া যেতে পারে। কোনও কথোপকথন পড়া হয়েছে বলে চিহ্নিত করা, পিন করা, আর্কাইভ করা, নির্বাচন করা কিংবা মুছে ফেলার সুবিধা থাকতে পারে। এছাড়াও আরও বিকল্পের তালিকায় চ্যাট লক করা, নির্দিষ্ট তালিকায় যুক্ত করা, চ্যাটের তথ্য দেখা এবং ফোনের হোম স্ক্রিনে শর্টকাট তৈরির মতো সুবিধা নিয়ে কাজ চলছে। ফলে বার্তা পরিচালনার জন্য বারবার আলাদা সেটিংসে যাওয়ার প্রয়োজন কমবে।

কবে চালু হবে এই ফিচার?

এখনও পরীক্ষামূলক উন্নয়নের পর্যায়ে রয়েছে নতুন সুবিধাটি। কবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের তরফে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো হয়নি। নজর এখন পরবর্তী আপডেটের দিকে। মেটার লক্ষ্য, ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি পেশাগত কাজেও হোয়াটসঅ্যাপকে আরও সহজ ও কার্যকর করে তোলা।

[youtube-feed feed=1]
Read More

Latest News